পচেফস্ট্রুমে ম্যাচের চিত্রটাই যেন বদলে দিলেন তাওহিদ হৃদয়। এক দিন আগে যেখানে ছিল প্রথম শ্রেণির ক্রিকেটে তার প্রথম ডাবল সেঞ্চুরি, পরের দিন সেই ইনিংসই রূপ নিল অবিশ্বাস্য এক মহাকাব্যে। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ট্রিপল সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন ২৫ বছর বয়সী এই ব্যাটার।
প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে ৩০০ রানের মাইলফলক ছুঁয়েছেন হৃদয়। তবে তাঁর কীর্তির মাহাত্ম্য আরও বড়-বিদেশের মাটিতে কোনো বাংলাদেশি ব্যাটারের এটাই প্রথম ট্রিপল সেঞ্চুরি। ৪৫০ বলের ম্যারাথন ইনিংসে ২৫টি চার ও ৬টি ছক্কায় ৩০১ রানে অপরাজিত ছিলেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক।
মাইলফলকের মুহূর্তটিও ছিল হৃদয়-সুলভ। বোস্টের অফ স্টাম্পের বল মিড অনের দিকে ঠেলে দিয়েই দুই রানের জন্য ছুটলেন তিনি। রেজাউর রহমান রাজার দ্রুত সাড়ায় দুই রান পূর্ণ হতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন হৃদয়। এরপরই সিজদায় নত হয়ে কৃতজ্ঞতা জানান সৃষ্টিকর্তার প্রতি। দীর্ঘ এক ইনিংসের পর সেই উদযাপন যেন মুহূর্তটিকে আরও বিশেষ করে তোলে।
হৃদয়ের এই ইনিংস শুধু ব্যক্তিগত অর্জনের গল্প নয়, এটি বাংলাদেশ ‘এ’ দলের লড়াইয়েরও গল্প। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল প্রথম ইনিংসে ৫১২ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছিল। লেসেগো সেনোকওয়ানের ১১১, সিনেথেম্বা কেশিলের ১২৮ এবং গ্যাভিন কাপলানের ৯৭ রানের ওপর ভর করে স্বাগতিকদের স্কোর তখন বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ।
জবাব দিতে নেমে তৃতীয় দিন শেষে ৬ উইকেটে ৩৭১ রান করেছিল বাংলাদেশ ‘এ’। ম্যাচের নিয়ন্ত্রণ তখনও অনেকটাই দক্ষিণ আফ্রিকার হাতে। কিন্তু শেষ দিনে হৃদয়ের ব্যাটে পাল্টে যায় দৃশ্যপট। একের পর এক জুটি গড়ে তিনি দলকে শুধু বিপদ থেকে বের করেননি, বরং প্রথম ইনিংসে লিডের দিকেও নিয়ে গেছেন।
এই ঘুরে দাঁড়ানোর ভিত গড়ে দিয়েছিলেন জাকের আলী। পঞ্চম উইকেটে তার সঙ্গে হৃদয়ের ১৫১ রানের জুটি বাংলাদেশকে ম্যাচে ফেরায়। জাকের অবশ্য মাত্র ছয় রানের জন্য সেঞ্চুরি থেকে বঞ্চিত হন। ১৬৮ বলে ৯৪ রান করে থামেন তিনি।
এরপর মোহাম্মদ সাইফউদ্দিনকে সঙ্গে নিয়ে আরও বড় আঘাত হানেন হৃদয়। ষষ্ঠ উইকেটে দুজন যোগ করেন ১৮৫ রান। ১৭১ বলে ৮৭ রান করে সাইফউদ্দিন ফিরলেও ততক্ষণে ম্যাচের পাল্লা ভারী হয়ে গেছে বাংলাদেশের দিকে। আর অন্য প্রান্তে হৃদয় এগিয়ে চলেছেন এমন এক মাইলফলকের দিকে, যা বাংলাদেশের ক্রিকেটে এর আগে মাত্র দুজন ছুঁতে পেরেছিলেন।
রকিবুল হাসান ছিলেন বাংলাদেশের প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ান। ২০০৬-০৭ মৌসুমে জাতীয় ক্রিকেট লিগে বরিশাল বিভাগের হয়ে ৩১৩ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি। পরে ২০১৯-২০ মৌসুমের বাংলাদেশ ক্রিকেট লিগে পূর্বাঞ্চলের হয়ে ৩৩৪ রানে অপরাজিত থেকে সেই রেকর্ড নিজের করে নেন তামিম ইকবাল। বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের তালিকায় তাই তামিম ও রকিবুলের পর তৃতীয় স্থানে এখন হৃদয়।
তবে দেশের বাইরে প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশিদের সর্বোচ্চ ইনিংসের তালিকায় হৃদয় উঠে গেছেন সবার ওপরে। এর আগে ২০০৩ সালে পাকিস্তানে ডিফেন্স হাউজিং অথরিটির বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে শাহরিয়ার হোসেন বিদ্যুতের ২১৮ রান ছিল সর্বোচ্চ। হৃদয়ের ৩০১* সেই রেকর্ডকে অনেকটাই পেছনে ফেলে দিয়েছে।
শুধু বাংলাদেশের রেকর্ড নয়, দক্ষিণ আফ্রিকার প্রথম শ্রেণির ক্রিকেটেও হৃদয়ের ইনিংস আলাদা করে জায়গা করে নিয়েছে। প্রোটিয়াদের মাঠে বিদেশি ব্যাটারদের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এখন তার। ১৯৪৮-৪৯ মৌসুমে এমসিসির হয়ে ডেনিস কম্পটনের করা ৩০০ রানের রেকর্ড পেরিয়ে গেছেন তিনি। তালিকায় এরপর রয়েছেন জেপি ক্রলি, পার্সি হোমস ও ম্যাট সিনক্লেয়ার।
হৃদয়ের ব্যাটে আরও একটি ইতিহাস লিখেছে বাংলাদেশ ‘এ’ দল। নিজেদের প্রথম শ্রেণির ইতিহাসে এবারই প্রথম ৬০০ রানের ঘরে পৌঁছেছে তারা।



