গত আসরে দলকে শিরোপার শেষ ধাপে নিতে পারেনি দুবাই ক্যাপিটালস। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে শুরু করেও শেষ পর্যন্ত এলিমিনেটরেই থেমে যেতে হয়েছিল তাদের পথচলা। তবে ব্যর্থ সেই অভিযানের মাঝেও একজনের পারফরম্যান্স আলাদা করে নজর কেড়েছিল। তিনি মুস্তাফিজুর রহমান।
বল হাতে মুস্তাফিজের কার্যকারিতা এতটাই চোখে পড়েছিল যে নতুন মৌসুমের আগে তাকে ছেড়ে দেওয়ার কথা ভাবেনি দুবাই। বরং ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি-টোয়েন্টি) পঞ্চম আসরের জন্য বাংলাদেশের বাঁহাতি পেসারকে ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। এখন তাদের অপেক্ষা, পরিচিত সেই কাটার আর বৈচিত্র্যময় বোলিংয়ে আবারও মাঠ মাতাবেন ‘ফিজ’।
মুস্তাফিজকে ঘিরে নিজেদের আগ্রহটা আরও স্পষ্ট করেছে দুবাই ক্যাপিটালস। নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশ করেছে তার বোলিংয়ের একটি ছোট ভিডিও। সেখানে মুস্তাফিজের বোলিংকে সরাসরি কবিতার সঙ্গে তুলনা করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
ক্যাপশনে লেখা হয়েছে, ‘কবিতা কে না ভালোবাসে? আর ফিজের বোলিং দেখা-সেটাই তো এর সেরা রূপ। মুস্তাফিজুর রহমান খুব শিগগিরই আবার আমাদের রঙে ফিরবেন।’
ভিডিওর ওপরেও ছিল অপেক্ষার একই সুর-‘ফিজকে আবার মাঠে ফিরতে দেখার অপেক্ষায়।’
দুবাইয়ের এই উচ্ছ্বাসের পেছনে অবশ্য যথেষ্ট কারণ আছে। গত আসরে দল ৮ ম্যাচ খেললেও মুস্তাফিজ একাই নিয়েছিলেন ১৫ উইকেট। দলের সামগ্রিক পারফরম্যান্স প্রত্যাশামতো না হলেও বাংলাদেশের পেসার নিজের জায়গায় ছিলেন কার্যকর। বিশেষ করে টি-টোয়েন্টিতে তার কাটার ও গতি পরিবর্তনের দক্ষতা দুবাইয়ের বোলিং আক্রমণে আলাদা মাত্রা যোগ করেছিল।
গত আসরের চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে দুবাই শেষ পর্যন্ত পিছিয়ে পড়লেও নতুন মৌসুমে দলটি আগের কাঠামোর ওপর পুরোপুরি নির্ভর করছে না। মুস্তাফিজের সঙ্গে আগের দল থেকে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার রোভম্যান পাওয়েলকেও ধরে রেখেছে তারা। সরাসরি চুক্তিতে দলে যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মার্কাস স্টয়নিস এবং আফগানিস্তানের স্পিনার নুর আহমাদ।
নতুন মৌসুমে দুবাইয়ের পরিকল্পনায় অভিজ্ঞতা ও বৈচিত্র্য-দুটিই আছে। আর সেই পরিকল্পনায় বাংলাদেশের মুস্তাফিজও গুরুত্বপূর্ণ একটি নাম। গতবার ১৫ উইকেট নেওয়ার পর এবার তার কাছ থেকে আরও বড় অবদানের প্রত্যাশা থাকাটাই স্বাভাবিক।
আইএলটি-টোয়েন্টির পঞ্চম আসরের নিলাম হবে আগামী ১ অক্টোবর। টুর্নামেন্ট শুরু হবে ২২ নভেম্বর। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে দুবাই ক্যাপিটালস, তাদের প্রতিপক্ষ আবুধাবি নাইট রাইডার্স। আর শিরোপার শেষ লড়াই, অর্থাৎ ফাইনাল হবে ২০ ডিসেম্বর।



