জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) লাল বলের ক্রিকেট দিয়ে শুরু হচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেটের নতুন কাঠামো। আগামী ৩ অক্টোবর মাঠে গড়াবে এনসিএলের লাল বলের খেলা। এরপর অনুষ্ঠিত হবে ওয়ানডে সংস্করণ, আর সবশেষে বিপিএলের আদলে আয়োজন করা হবে টি-টোয়েন্টি প্রতিযোগিতা। তিন ফরম্যাটের এই আয়োজনকে একটি সমন্বিত কাঠামোর মধ্যে নিয়ে আসার পরিকল্পনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
প্রস্তাবিত নতুন কাঠামোয় প্রথম শ্রেণির চার দিনের ক্রিকেট, লিস্ট ‘এ’ ওয়ানডে এবং লিস্ট ‘এ’ টি-টোয়েন্টি তিন সংস্করণের প্রতিযোগিতাই একই ব্যবস্থাপনার অধীনে থাকবে। এর মধ্যে লাল বলের ক্রিকেট সরাসরি বিসিবির ব্যবস্থাপনায় থাকলেও সাদা বলের দুই সংস্করণে যুক্ত করা হচ্ছে করপোরেট ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে।
সাদা বলের ক্রিকেটে ছয়টি দলের মালিকানা স্বত্ব বাংলাদেশের বিভিন্ন করপোরেট ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। প্রাথমিকভাবে তিন বছরের জন্য দলগুলোর মালিকানা স্বত্ব দেওয়ার কথা ভাবা হয়েছে। ফলে ঘরোয়া ক্রিকেটের ব্যবস্থাপনায় বিসিবির পাশাপাশি বেসরকারি খাতের অংশগ্রহণও নিশ্চিত হবে।
নতুন এই কাঠামোর আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে যাচ্ছে আগামীকাল ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায়। রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সন্ধ্যা ৭টায় তিন ফরম্যাটের এই আয়োজনের লঞ্চিং অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।
শুরুতে প্রতিযোগিতাটির নাম ‘বাংলাদেশ ফার্স্ট’ রাখার পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে সেই নাম থেকে সরে এসেছে আয়োজকেরা। নতুন নাম হিসেবে ‘ডি থ্রি ট্রফি’ সামনে এসেছে। ‘ডি থ্রি’ বলতে ‘ডমেস্টিক থ্রি’- ঘরোয়া ক্রিকেটের তিন ফরম্যাটকে বোঝানো হচ্ছে।
নতুন কাঠামোর সবচেয়ে আকর্ষণীয় অংশ হতে যাচ্ছে টি-টোয়েন্টি প্রতিযোগিতা। বিপিএলের আদলে আয়োজনের পরিকল্পনা করা এই টুর্নামেন্ট আগামী ডিসেম্বরে বরিশালের ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়ার কথা রয়েছে। এতে ছয়টি দল অংশ নিতে পারে। দলগুলোর সঙ্গে ফরচুন গ্রুপ, ব্লু স্টার লিমিটেড, সিটিজেন ব্যাংক, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, একমি ল্যাবরেটরিজ এবং নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের নাম রয়েছে।
এবারের আয়োজনের আরেকটি বৈশিষ্ট্য হলো ছয় দলের সঙ্গে ছয়জন করে নির্বাচক বা প্রতিনিধি যুক্ত থাকবেন। তারা মূলত সংশ্লিষ্ট দলের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন। এই দায়িত্বে থাকছেন সাবেক ক্রিকেটার হাবিবুল বাশার সুমন, হাসিবুল হোসেন শান্ত, সাজ্জাদ শিপন, নাদিফ চৌধুরী, নাইম ইসলাম ও শামসুর রহমান।



