এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টার-ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে জায়গা করে নিয়েছে মালয়েশিয়া। বৃষ্টির কারণে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে ওমান ও মালয়েশিয়ার ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে মালয়েশিয়া। অন্যদিকে জয়ের বিকল্প না থাকা ওমানকে বিদায় নিতে হয়েছে গ্রুপ পর্ব থেকেই।
শনিবার নিশিনে ওমান ও মালয়েশিয়ার মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু টানা বৃষ্টির কারণে ম্যাচে টসও করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত হলে দুই দল পয়েন্ট ভাগাভাগি করে নেয়। এই ফলেই সবচেয়ে বেশি লাভ হয়েছে মালয়েশিয়ার।
দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে মালয়েশিয়া। দুই ম্যাচে দুই পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে হংকং, চায়না। অন্যদিকে দুই ম্যাচে এক পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে ওমান। ম্যাচটি মাঠে গড়ালে কোয়ার্টার-ফাইনালে ওঠার সুযোগ ছিল ওমানের, তবে বৃষ্টিতে সেই সুযোগ আর পায়নি তারা।
আইসিসি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তান আগেই সরাসরি কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নিয়েছিল। গ্রুপ পর্বের ফলাফলের পর শেষ আটের লড়াইও এখন নির্ধারিত। ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। আর একই গ্রুপের রানার্সআপ হংকং, চায়নার প্রতিপক্ষ পাকিস্তান।
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ ও মালয়েশিয়া এর আগে একবারই মুখোমুখি হয়েছে। ২০২৩ সালের হাংজু এশিয়ান গেমসের কোয়ার্টার-ফাইনালে মালয়েশিয়াকে ২ রানে হারিয়ে সেমি-ফাইনালে উঠেছিল বাংলাদেশ। এবারও এশিয়ান গেমসের কোয়ার্টার-ফাইনালেই দুই দলের দেখা হচ্ছে।
এদিকে শনিবার সকালে বৃষ্টির কারণে নেপাল ও জাপানের ম্যাচও পরিত্যক্ত হয়েছে। ফলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে জাপান। কোয়ার্টার-ফাইনালে নেপালের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। অন্যদিকে আফগানিস্তানের সামনে ভারতের চ্যালেঞ্জ।
কোয়ার্টার-ফাইনালের লড়াই শুরু হবে সোমবার। বাংলাদেশ সময় ভোর ৬টায় প্রথম কোয়ার্টার-ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও হংকং। পরে বেলা ১১টায় মাঠে নামবে ভারত ও আফগানিস্তান।
মঙ্গলবার ভোর ৬টায় নেপাল ও শ্রীলঙ্কার মধ্যকার তৃতীয় কোয়ার্টার-ফাইনাল অনুষ্ঠিত হবে। একই দিন বাংলাদেশ সময় বেলা ১১টায় চতুর্থ কোয়ার্টার-ফাইনালে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।



