বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে নতুন দায়িত্বের নিয়োগপত্র পেয়েছিলেন এক সপ্তাহও হয়নি। ঢাকা জেলার কোচ হিসেবে দায়িত্ব পালনের কথা ছিল মোহাম্মদ মোসাদ্দেক হোসেন ছোটনের। কিন্তু নতুন কর্মস্থলে কাজ শুরু করার আগেই না ফেরার দেশে চলে গেলেন তিনি। আজ সকালে ঢাকায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪২ বছর বয়সী এই কোচ।
ছোটনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার সহকর্মীরা। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১০ অক্টোবর ঢাকা জেলার কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন তিনি। নতুন দায়িত্ব ঘিরে নিশ্চয়ই ছিল নানা পরিকল্পনা। তবে সেই দায়িত্ব পালনের সুযোগ আর হলো না তার।
ছোটনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিসিবি। শোকবার্তায় তার মৃত্যুতে দুঃখ প্রকাশের পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
বাংলাদেশের তৃণমূল ও বয়সভিত্তিক ক্রিকেটের উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করেছেন ছোটন। ২০১১ সালে বিসিবিতে যোগ দেওয়ার পর অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ বিভাগের বিভিন্ন দল এবং ইয়ুথ ক্রিকেট লিগের (ওয়াইসিএল) একাধিক দলের কোচিং প্যানেলে দায়িত্ব পালন করেন তিনি। বয়সভিত্তিক ক্রিকেটারদের গড়ে তোলার কাজে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা ছিল।
ঢাকা জেলার কোচ হিসেবে নিয়োগ পাওয়ার আগে ঢাকা মেট্রোর সহকারী কোচের দায়িত্বে ছিলেন ছোটন। এ ছাড়া সর্বশেষ রবি বোলার হান্টের ঢাকা ও চট্টগ্রাম পর্বে বিচারক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।



