অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ করেছে বাংলাদেশ। তবে সিরিজ শেষ হলেও এখনো দেশে ফেরেনি জাতীয় দলের ক্রিকেটাররা। অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে কিছুদিন বিশ্রাম নেওয়ার পর আবারও সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার প্রস্তুতি রয়েছে টাইগারদের। সেখানে আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলার পরিকল্পনা থাকলেও সেই সূচিতে এসেছে পরিবর্তন। এখন আফগানিস্তান ও বাংলাদেশের সঙ্গে ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে জিম্বাবুয়ে।
আগামী অক্টোবরের শুরুতে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়ের ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, এই সফরে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। তবে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের উদ্যোগে সেই পরিকল্পনায় পরিবর্তন এসেছে।
বাংলাদেশ ও আফগানিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে ছিল। যদিও ম্যাচগুলোর নির্দিষ্ট তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। এর অন্যতম কারণ ছিল, আফগানিস্তান বোর্ড জিম্বাবুয়েকে ত্রিদেশীয় সিরিজে যোগ দেওয়ার প্রস্তাব দিয়ে রেখেছিল। এতদিন নিজেদের অবস্থান স্পষ্ট না করলেও শেষ পর্যন্ত ট্রাইনেশন সিরিজ খেলতে সম্মতি জানিয়েছে জিম্বাবুয়ে।
এদিকে আগামী সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও সেই সিরিজ এখন কার্যত অনিশ্চিত। ফলে ওই সময়ে জাতীয় দলের রাডারে থাকা ক্রিকেটারদের নিয়ে স্কিল ক্যাম্প আয়োজন করে প্রস্তুতিতে মনোযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এরপর অক্টোবরের শুরুতে সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অংশ নেবে বাংলাদেশ।
অস্ট্রেলিয়া সফরের পর বিশ্রাম, এরপর স্কিল ক্যাম্প এবং সবশেষে সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজ-আগামী কয়েক মাসের এই সূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের প্রস্তুতি এগিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে বাংলাদেশের ক্রিকেটাররা।



