শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে জায়গা পেয়েছেন ২০ বছর বয়সী উইকেটকিপার-ব্যাটার জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা, যিনি এর আগে বাংলাদেশের হয়ে সাতটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এই সিরিজের মাধ্যমে ওয়ানডে ফরম্যাটে নিজেকে প্রমাণ করার সুযোগ পাচ্ছেন তিনি।
দলে আরেকটি গুরুত্বপূর্ণ সংযোজন ডানহাতি মিডল-অর্ডার ব্যাটার শারমিন সুলতানা, যিনি দীর্ঘ সাত বছর পর আবারও ওয়ানডে দলে ফিরেছেন। তার এই প্রত্যাবর্তন দলের ব্যাটিং লাইনআপে অভিজ্ঞতার সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।
সূচি অনুযায়ী, আগামী ১৭ এপ্রিল বাংলাদেশে পৌঁছাবে শ্রীলঙ্কা নারী দল এবং সেখান থেকে সরাসরি রাজশাহীতে যাবে। সেখানে দুই দিনের প্রস্তুতি শেষে ২০ এপ্রিল রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। একই ভেন্যুতে ২২ ও ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই ম্যাচ, প্রতিটি ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ৯টায়।
ওয়ানডে সিরিজ শেষে দুই দল ২৬ এপ্রিল সিলেটে যাবে, যেখানে ২৮ এপ্রিল শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই সিরিজের বাকি ম্যাচ দুটি হবে ৩০ এপ্রিল ও ২ মে, এবং প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।
বাংলাদেশ নারী দল
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক, সোবনানা মোস্তারি, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, রিতু মনি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, সারমিন সুলতানা, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, জুয়াইরিয়া ফেরদৌস।










Discussion about this post