অস্ট্রেলিয়ার টপ এন্ড টি-টোয়েন্টিতে ফাইনালে ওঠার স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশ হাই-পারফরম্যান্স (এইচপি) দলের। ব্যাটারদের ব্যর্থতায় মাত্র ১০১ রানে অলআউট হওয়ার পরও বোলারদের দুর্দান্ত লড়াইয়ে ম্যাচ জমিয়ে তুলেছিল বাংলাদেশ। তবে শেষ ওভারের নাটকীয়তায় ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমির কাছে ১ উইকেটে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে তাদের।
ডারউইনের গার্ডেন ওভালে রোববার টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ এইচপি। শুরুতে আভাস মিলেছিল বড় সংগ্রহের। হাবিবুর রহমান সোহান ৩ রান করে দ্রুত ফিরলেও জিসান আলম ও আরিফুল ইসলাম মিলে পাল্টা আক্রমণ শুরু করেন। তাদের ব্যাটে পাওয়ার প্লের ছয় ওভারে ৫৬ রান তুলে নেয় বাংলাদেশ।
তবে পাওয়ার প্লে শেষ হতেই বদলে যায় ম্যাচের চিত্র। সপ্তম ওভারের প্রথম বলেই বিদায় নেন জিসান। ২০ বলে ৩০ রানের ইনিংসে তিনি হাঁকান তিনটি চার ও একটি ছক্কা। তার আগে আরিফুল ইসলাম ১০ বলে ১৯ রান করে ফেরেন, তাঁর ইনিংসে ছিল তিনটি চার ও একটি ছক্কা।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ছন্দে থাকা সাব্বির রহমানও ৮ বলে মাত্র ৫ রান করে ফিরে যান। শেষ দিকে আবদুল গাফফার সাকলাইন ১৬ বলে ১০ এবং আবু হায়দার রনি ১৮ বলে ১২ রান করলে কোনোমতে তিন অঙ্কের ঘরে পৌঁছায় দলের সংগ্রহ। ১৭.১ ওভারেই ১০১ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।
ভিক্টোরিয়ার হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন উইল সাদারল্যান্ড। তিনি চারটি উইকেট শিকার করেন।
১০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভিক্টোরিয়াও স্বস্তিতে ছিল না। শুরু থেকেই নিয়মিত উইকেট হারালেও ছোট ছোট ইনিংসে তারা এগিয়ে যেতে থাকে। একপর্যায়ে ৪ উইকেটে ৭৫ রান তুলে সহজ জয়ের পথেই ছিল অস্ট্রেলিয়ান দলটি।
সেখান থেকে ম্যাচে দারুণভাবে ফিরে আসে বাংলাদেশ। পরের ২৪ রানের মধ্যেই আরও চার ব্যাটারকে সাজঘরে ফেরান বাংলাদেশের বোলাররা। শেষ ওভারের শুরুতে আরেকটি উইকেট পড়লে ম্যাচের সমীকরণ দাঁড়ায় ভিন্ন রকম। ভিক্টোরিয়ার প্রয়োজন ছিল মাত্র ১ রান, আর বাংলাদেশকে জিততে হলে নিতে হতো দুটি উইকেট।
শেষ ওভারের প্রথম বলেই রান আউট হয়ে ফেরেন টড মার্ফি। পরের দুই বলে কোনো রান না আসায় সুপার ওভারের সম্ভাবনাও তৈরি হয়। কিন্তু চতুর্থ বলেই ম্যাচের ভাগ্য বদলে দেন লিয়াম ব্ল্যাকফোর্ড। কাট শটে পয়েন্ট অঞ্চলের ফাঁক দিয়ে চার মেরে ভিক্টোরিয়ার জয় নিশ্চিত করেন তিনি। দুই বল হাতে রেখেই ১ উইকেটের জয় নিয়ে ফাইনালের টিকিট পায় ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমি।
বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন মোহাম্মদ রুবেল। চার ওভারে মাত্র ১৫ রান দিয়ে তিন উইকেট নেন এই রহস্য স্পিনার। এই ম্যাচসহ টুর্নামেন্টে সাত ম্যাচে তাঁর শিকার দাঁড়াল ২৩ উইকেট। সাত ম্যাচের ছয়টিতেই অন্তত তিনটি করে উইকেট নিয়েছেন তিনি। শামীম হোসেন ১৮ রানে নেন দুটি উইকেট, আর আবু হায়দার রনি চার ওভারে দুটি মেডেনসহ ১৬ রান দিয়ে শিকার করেন একটি উইকেট।
লিগ পর্বে ছয় ম্যাচে পাঁচ জয় নিয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ এইচপি। তাই ফাইনালের দৌড়ে তাদেরই এগিয়ে রাখা হয়েছিল। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাটারদের ব্যর্থতায় মাত্র ১০১ রানে গুটিয়ে যাওয়ার পর বোলাররা ম্যাচে ফেরার সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত তা কাজে লাগাতে পারেনি দলটি।
২০২৪ সালে টপ এন্ড টি-টোয়েন্টির রানার্সআপ হয়েছিল বাংলাদেশ এইচপি। পরের আসরে টেবিলের নবম স্থানে থেকে বিদায় নেওয়ার পর এবার আবারও ফাইনালের সম্ভাবনা জাগিয়েছিল তারা। কিন্তু ভিক্টোরিয়ার বিপক্ষে রুদ্ধশ্বাস সেমিফাইনালে শেষ মুহূর্তের হারে সেই যাত্রা থেমে গেল শেষ চারেই।



