টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে যেন রহস্যের নতুন এক অধ্যায় লিখে চলেছেন মোহাম্মদ রুবেল। একের পর এক ম্যাচে তার ঘূর্ণির সামনে অসহায় হয়ে পড়ছে প্রতিপক্ষের ব্যাটাররা। ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমির বিপক্ষেও সেই ধারাবাহিকতা ধরে রেখে ৪ উইকেট তুলে নিয়েছেন এই স্পিনার। তাঁর দুর্দান্ত বোলিংয়ের পর শামীম হোসেন পাটোয়ারির ঝোড়ো ব্যাটিংয়ে ৫ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ এইচপি।
ডারউইন ক্রিকেট গ্রাউন্ডে সোমবার টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ এইচপি অধিনায়ক ইরফান শুক্কুর। অধিনায়কের সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করতে বেশি সময় নেননি রুবেল। ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট তুলে নিয়ে শুরু করেন তার ঘূর্ণির জাদু। এরপরও থামেননি তিনি। ভিক্টোরিয়ার ব্যাটিং লাইনআপে নিয়মিত আঘাত হেনে ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট।
রুবেলের সঙ্গে বল হাতে দারুণ ভূমিকা রাখেন রাকিবুল হাসান। তার শিকারও তিন উইকেট। এই দুই বোলারের দুর্দান্ত বোলিংয়ের সামনে ১৯.১ ওভারে ১৩১ রানেই অলআউট হয়ে যায় ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমি।
ভিক্টোরিয়ার ইনিংসে সবচেয়ে বড় প্রতিরোধ গড়েন অধিনায়ক স্যাম হার্পার। উইল সাদারল্যান্ড ২৫ বলে ৩০ রান করে বিদায় নেওয়ার পর একপ্রান্ত ধরে রাখেন হার্পার। শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ৩৬ বলে ৪৯ রানের লড়াকু ইনিংস খেলেন তিনি। তবে তাঁর সেই লড়াই দলকে বড় সংগ্রহ এনে দিতে পারেনি।
১৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ এইচপি। কোনো রান যোগ হওয়ার আগেই হাবিবুর রহমান সোহানের উইকেট হারায় তারা। এরপর জিসান আলম ৯ বলে ১১ এবং আরিফুল ইসলাম ৯ বলে ১৫ রান করে ফিরে গেলে চাপ আরও বাড়ে। আগের ম্যাচে জয়ের নায়ক সাব্বির রহমানও এদিন ব্যাট হাতে ব্যর্থ হন। ১৪ বলে মাত্র ৫ রান করে সাজঘরে ফেরেন তিনি।
তবে সেখান থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেন অধিনায়ক ইরফান শুক্কুর ও শামীম হোসেন পাটোয়ারি। চতুর্থ উইকেটে দুজনের ৮৩ রানের জুটি বাংলাদেশকে জয়ের পথে এগিয়ে দেয়। ৩২ বলে ৪৩ রান করে শুক্কুর ফিরে গেলেও কাজ শেষ করে মাঠ ছাড়েন শামীম।
৩৩ বলে দুটি চার ও তিনটি ছক্কায় ৫১ রানে অপরাজিত থাকেন শামীম। তার ঝোড়ো ইনিংসেই ১৬ বল হাতে রেখে ৫ উইকেটের জয় নিশ্চিত করে বাংলাদেশ এইচপি।
এই জয়ে টপ এন্ড টি-টোয়েন্টিতে টানা তিন ম্যাচ জয়ের স্বাদ পেল বাংলাদেশ এইচপি। তিন ম্যাচেই দলের জয়ে বড় অবদান রেখেছেন মোহাম্মদ রুবেল। প্রথম দুই ম্যাচে তাঁর শিকার ছিল সাত উইকেট। ভিক্টোরিয়ার বিপক্ষে আরও চার উইকেট নিয়ে তিন ম্যাচে তাঁর মোট উইকেট দাঁড়িয়েছে ১১-তে। ফলে এখন পর্যন্ত টুর্নামেন্টের সফলতম বোলারও তিনি।



