অস্ট্রেলিয়া সফর সামনে রেখে বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে ফিরেছেন ডেভিড হেম্প। গত বছর নারী ওয়ানডে বিশ্বকাপ ও এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশের ব্যাটিং কোচ হিসেবে কাজ করা হেম্প এবার নিয়েছেন আরও বড় দায়িত্ব। ২০২৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত চুক্তিবদ্ধ এই কোচের নতুন মেয়াদ শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে।
নতুন দায়িত্বে ফিরে হেম্পের বিশ্বাস, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে সিরিজটি বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ নারী দলের বর্তমান অবস্থান বুঝতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ভারতীয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ফেরার অনুভূতি জানিয়ে হেম্প বলেন, ‘এটা সবসময় ভালো লাগে। এখানে আমার সময়টা উপভোগ করেছিলাম এবং অবশ্যই পরবর্তী মেয়াদের জন্য উন্মুখ হয়ে আছি। আগেও এই মেয়েদের সঙ্গে কাজ করেছিলাম। সুতরাং জানি কী প্রত্যাশা করতে হবে এবং এ কারণেই আমি ফিরছি। পরিবেশটা আমি উপভোগ করেছিলাম।’
তবে নতুন দায়িত্বের শুরুতেই কঠিন পরীক্ষার মুখে পড়তে হচ্ছে ৫৫ বছর বয়সী এই কোচকে। ওয়ানডে ও টি-টোয়েন্টি-দুই সংস্করণেই র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার বিপক্ষেই শুরু হচ্ছে বাংলাদেশের নতুন অধ্যায়। চ্যালেঞ্জটির কঠিন বাস্তবতাও স্বীকার করেছেন হেম্প, ‘অবশ্যই অস্ট্রেলিয়া সফর বিশাল চ্যালেঞ্জের, কারণ পরিসংখ্যানগতভাবে অস্ট্রেলিয়ার অবস্থান অনেক ভালো। নারী ক্রিকেটে তারা বিশ্বের এক নম্বর দল, ওয়ানডে ও টি-টোয়েন্টি দুটোতেই। তাদের কিছু খেলোয়াড় আছে, তারাও র্যাঙ্কিংয়ে অনেক উঁচু অবস্থানে।’
তবে শক্তিশালী প্রতিপক্ষকে ভয় পাওয়ার বদলে নিজেদের যাচাইয়ের সুযোগ হিসেবেই দেখছেন হেম্প। অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলাকে বাংলাদেশের উন্নতির জন্য গুরুত্বপূর্ণ মনে করছেন তিনি।
হেম্প বলেন, ‘আমি মনে করি এটা আমাদের জন্যও ভালো সুযোগ। সেরা খেলোয়াড়দের বিপক্ষে আপনি খেলতে চান, কারণ আপনি নিজেকে যাচাই করতে চান। আমরা কোথায় দাঁড়িয়ে আছি, সেই সম্পর্কে ভালো একটা ধারণা পাওয়া যাবে। আমরা কী গ্রহণ করতে পারি এবং কী শিখতে পারি এবং শীর্ষ তিনে থাকা দলগুলোর বিপক্ষে চ্যালেঞ্জ জানাতে আমরা কীভাবে চেষ্টা করতে পারি এবং নিজেদের বিলিয়ে দিতে পারি সেটা বোঝা যাবে।’
অস্ট্রেলিয়া সফরের জন্য আগামী ৩ অক্টোবর দেশ ছাড়বে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজের তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে। প্রথম ম্যাচ ৯ অক্টোবর, দ্বিতীয়টি ১১ অক্টোবর এবং সিরিজের শেষ ম্যাচ ১৪ অক্টোবর।



