ফর্ম নিয়ে সাম্প্রতিক সময়ে কম সমালোচনা শুনতে হয়নি লিটন দাসকে। তবে আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টে ব্যাট ও গ্লাভস হাতে দারুণ পারফরম্যান্স দিয়ে সমালোচনার জবাব দিচ্ছেন বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার। একদিকে দুই ইনিংসে করেছেন একটি ফিফটি ও একটি সেঞ্চুরি, অন্যদিকে উইকেটের পেছনে দাঁড়িয়ে গড়েছেন বাংলাদেশের হয়ে এক টেস্টে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড। আজ আবুধাবিতে তার সামনে হাতছানি দিচ্ছে বিশ্বরেকর্ড গড়ার।
আবুধাবি টেস্টে আফগানিস্তানের দুই ইনিংস মিলিয়ে এখন পর্যন্ত আটটি ডিসমিসালে অবদান রেখেছেন লিটন। উইকেটের পেছনে ক্যাচ ধরা ও স্টাম্পিংয়ের মাধ্যমে এই কীর্তি গড়েছেন তিনি। এর মধ্য দিয়ে বাংলাদেশের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক খালেদ মাসুদ পাইলটের রেকর্ড ভেঙে দিয়েছেন লিটন।
এর আগে বাংলাদেশের হয়ে এক টেস্টে সর্বোচ্চ সাতটি ডিসমিসালের রেকর্ড ছিল পাইলটের দখলে। ২০০৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টে এই কীর্তি গড়েছিলেন তিনি। দীর্ঘদিন অক্ষত থাকা সেই রেকর্ড এবার নিজের করে নিলেন লিটন।
আফগানিস্তানের প্রথম ইনিংসে পাঁচটি উইকেট পতনে সরাসরি ভূমিকা ছিল লিটনের। আব্দুল মালিক, কাইস আহমেদ, ইয়ামিন আহমেদজাই ও মোহাম্মদ সালিমের ক্যাচ ধরেন তিনি। এ ছাড়া হাশমতউল্লাহ শহিদিকে স্টাম্পিং করে সাজঘরে ফেরান এই উইকেটরক্ষক।
দ্বিতীয় ইনিংসেও একই ধারাবাহিকতা ধরে রেখেছেন লিটন। আফগানিস্তানের প্রথম তিন উইকেটের পতনেই অবদান রয়েছে তাঁর। আব্দুল মালিক, শহীদউল্লাহ ও প্রতিপক্ষ অধিনায়ক রহমত শাহের ক্যাচ ধরেছেন তিনি। সব মিলিয়ে তাঁর ডিসমিসালের সংখ্যা দাঁড়িয়েছে আটে।
শুধু উইকেটের পেছনেই নয়, ব্যাট হাতেও এই টেস্টে দারুণ উজ্জ্বল লিটন। দুই ইনিংসে তার সংগ্রহ ৫৩ ও ১০২ রান। আর এই পারফরম্যান্সের মধ্য দিয়ে গড়েছেন আন্তর্জাতিক ক্রিকেটের এক অনন্য রেকর্ড। এক টেস্টে দুই ইনিংসে অন্তত একটি করে অর্ধশতক করার পাশাপাশি উইকেটরক্ষক হিসেবে আটটি ডিসমিসালের কীর্তিতে তিনি ছুঁয়েছেন দক্ষিণ আফ্রিকার ডিটি লিন্ডসেকে।
লিন্ডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে এক টেস্টে ৬৯ ও ১৮২ রান করার পাশাপাশি উইকেটের পেছনে আটটি ডিসমিসাল করেছিলেন। এবার আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিং ও কিপিংয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে সেই রেকর্ডে ভাগ বসালেন লিটন।
তবে এখানেই থেমে থাকার সুযোগ নেই তার সামনে। এক টেস্টে সর্বোচ্চ ডিসমিসালের বিশ্বরেকর্ড গড়তে লিটনকে আরও তিনটি ডিসমিসাল করতে হবে। বর্তমানে এই রেকর্ডের যৌথ মালিক ইংল্যান্ডের জ্যাক রাসেল, দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স ও ভারতের রিশভ পান্ট। তিনজনেরই এক টেস্টে ডিসমিসালের সংখ্যা ১১।



