এশিয়ান গেমসের ক্রিকেটে মাঠে নামার আগেই ধাক্কা খেয়েছে বাংলাদেশ। চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। ফর্মেও ছিলেন ছন্দে, ফলে তার অনুপস্থিতি স্বাভাবিকভাবেই দলের জন্য ক্ষতির। তবে জাপানের কন্ডিশন বিবেচনায় সাইফউদ্দিনের জায়গায় দলে সুযোগ পাওয়া আলিস আল ইসলামকে নিয়ে আশাবাদী বাংলাদেশ।
এশিয়ান গেমসের ক্রিকেট অনুষ্ঠিত হচ্ছে জাপানের এমন এক ভেন্যুতে, যেখানে স্পিনাররা শুরু থেকেই বাড়তি সুবিধা পাচ্ছেন। উইকেটে বলের টার্ন এতটাই বেশি যে রান তুলতে বেশিরভাগ দলকেই সংগ্রাম করতে হচ্ছে। এমন পরিস্থিতিতে একজন পেস বোলিং অলরাউন্ডারের বদলে স্পিনার আলিসকে দলে নেওয়ার সুযোগটিকে ইতিবাচক হিসেবেই দেখছে বাংলাদেশ দল।
সাইফউদ্দিন শেষ মুহূর্তে ছিটকে যাওয়ায় তার বদলি হিসেবে স্কোয়াডে যুক্ত হয়েছেন আলিস আল ইসলাম। এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না হওয়া এই স্পিনারের সামনে তাই বড় মঞ্চে নিজেকে প্রমাণের সুযোগ তৈরি হয়েছে।
দলের প্রস্তুতি নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন ম্যানেজার নাফিস ইকবাল। তিনি বলেন, ‘সবাই ভালো প্রস্তুতি নিয়ে এসেছে। আমি মনে করি দল হিসেবে আমরা ভালোভাবে প্রস্তুত। আমাদের একটা ইঞ্জুরি হয়েছিল যেখানে বদলি হিসেবে আলিসকে নিয়েছি, আমার কাছে যেটা মনে হয়েছে গুড মুভ। যে ধরনের কন্ডিশন এবং আলোচনার ব্যাপারে যেমনটা জানতে পেরেছি।’
সাইফউদ্দিনের অনুপস্থিতি দলের ভারসাম্যে পরিবর্তন আনলেও স্থানীয় কন্ডিশনের কারণে সেই ঘাটতি কিছুটা সামাল দেওয়ার সুযোগ দেখছে বাংলাদেশ। বিশেষ করে স্পিনবান্ধব উইকেটে আলিসকে অন্তর্ভুক্তি দলটির বোলিং পরিকল্পনায় নতুন মাত্রা যোগ করতে পারে।
এশিয়ান গেমসে বাংলাদেশের স্কোয়াড
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, আলিস আল ইসলাম।



