আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের প্রথম বলেই আউট হওয়ার বিব্রতকর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন বাংলাদেশের ওপেনার মাহফিজুল ইসলাম রবিন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে অভিষেকের প্রথম বলেই কাগিসো রাবাদার বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ২২ বছর বয়সী এই ব্যাটার। তার এমন অভিষেকের পর আলোচনায় এসেছে প্রথম বলেই তাকে স্ট্রাইক দেওয়ার সিদ্ধান্ত। তবে এই সিদ্ধান্ত মাহফিজুলের নিজেরই ছিল বলে জানিয়েছেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম।
প্রথম দিনের খেলা শেষে গতকাল সংবাদ সম্মেলনে মাহফিজুলকে প্রথম বল খেলতে দেওয়ার কারণ ব্যাখ্যা করেন তানজিদ। তার ভাষ্য, ম্যাচের আগের দিনই মাহফিজুলের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছিল। অভিষেক ম্যাচে নিজেই স্ট্রাইক নিতে চেয়েছিলেন মাহফিজুল।
তানজিদ বলেন, ‘রবিনের (মাহফিজুল) সঙ্গে গতকাল (ম্যাচের আগের দিন) আমার আলোচনা হচ্ছিল। আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে, আমি স্ট্রাইক নেব কি না বা ও স্ট্রাইক করতে চায় কি না। তবে ও একদম আমাকে বলেছিল যে, ও স্ট্রাইক নিতে চায় অভিষেক ম্যাচে। সেজন্যই আসলে ওকে স্ট্রাইকটা দেওয়া।’
অভিষেকের প্রথম বলেই আউট হওয়ায় মাহফিজুলকে নিয়ে হতাশা তৈরি হলেও সতীর্থের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী তানজিদ। তাঁর মতে, ক্রিকেটে এমন ঘটনা নতুন নয়। অনেক বড় ক্রিকেটারও অভিষেক ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন। তাই একটি ব্যর্থতা দিয়ে মাহফিজুলের সামর্থ্য বিচার করতে চান না তিনি।
তানজিদ বলেন, ‘এটা ক্রিকেটেরই অংশ। আমার কাছে মনে হয়, অনেক বড় ক্রিকেটারদের ক্ষেত্রেও দেখবেন, তারা কিন্তু তাদের অনেকে অভিষেক ম্যাচে এরকম শূন্য রানে আউট হয়ে গেছে। আমি আশা করব এখান থেকে সে কিংবদন্তি হবে।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন। ইনিংসের শুরুতে মাহফিজুল দ্রুত বিদায় নিলেও অন্য প্রান্তে ব্যাট হাতে লড়াই চালিয়ে যান তানজিদ। দ্বিতীয় সেশন পর্যন্ত উইকেটে থেকে ৬৭ রানের ইনিংস খেলেন তিনি। প্রথম দিনের খেলা শেষে ৮৪ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৩২৭ রান।



