মিরপুরে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে ওয়েস্ট ইন্ডিজ। চার দিনের দাপুটে জয়ের পর এবার সিলেটে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করার লক্ষ্য ক্যারিবীয়দের। তবে বাংলাদেশের মাটিতে জয় পাওয়া যে সহজ নয়, সেটিও ভালো করেই জানেন ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি।
ঘরের মাঠে বাংলাদেশের সাম্প্রতিক টেস্ট পারফরম্যান্সও ক্যারিবীয়দের জন্য সতর্কবার্তা। দেশের মাটিতে সবশেষ সাত টেস্টের পাঁচটিতেই জয় পেয়েছে বাংলাদেশ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায়ও বাংলাদেশের অবস্থান ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ভালো। বাংলাদেশ রয়েছে সেরা পাঁচে, আর ক্যারিবীয়দের অবস্থান আট নম্বরে। মিরপুর টেস্টে ফ্লাডলাইটের সমস্যা ও বৃষ্টির কারণে অনেক ওভার নষ্ট হলেও দাপুটে জয় তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
তাই প্রথম টেস্ট জিতলেও আত্মতুষ্টিতে ভুগতে চান না স্যামি। বরং সিরিজের শেষ ম্যাচেও জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চান তিনি। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজে প্রকাশিত ভিডিও বার্তায় দলের মানসিকতা ও লক্ষ্য নিয়ে ক্যারিবীয় কোচ বলেন, ‘মানসিকতা একই। তবে জয়ের ক্ষুধা একটু বেশি। অধিনায়কও খেলোয়াড়দের চ্যালেঞ্জ জানিয়েছেন। বাংলাদেশ সফরে আসার পর থেকেই আমাদের লক্ষ্য পরিষ্কার। বছরটি ভালো ফল দিয়ে শেষ করা খুবই গুরুত্বপূর্ণ।’
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টও যে কঠিন হতে যাচ্ছে, সেটি মনে করিয়ে দিয়েছেন স্যামি। বিশেষ করে বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্সের অভিজ্ঞতা ও সামর্থ্যকে গুরুত্ব দিচ্ছেন তিনি। ওয়ানডে ও টি-টোয়েন্টির পাশাপাশি টেস্টেও বাংলাদেশের উন্নতির পেছনে সিমন্সের ভূমিকা রয়েছে। স্যামি বলেন, ‘ফিল সিমন্সের জন্য কাজটা (বাংলাদেশকে হারানো) কঠিন হবে। তিনিও জিততে চান। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশেরও নিজস্ব লক্ষ্য রয়েছে। তবে আমার দলের খেলোয়াড়দের ক্ষুধা, কঠোর পরিশ্রম এবং প্রস্তুতি দেখে মনে হচ্ছে, সিলেটে আমরা পুরোপুরি প্রস্তুত।’
বাংলাদেশের মাটিতে অ্যাওয়ে সিরিজ জয়ের গুরুত্বও তুলে ধরেছেন ওয়েস্ট ইন্ডিজ কোচ। টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রে নিজেদের নির্ধারিত লক্ষ্য পূরণে বাংলাদেশ সফরকে গুরুত্বপূর্ণ মনে করছেন তিনি। এ প্রসঙ্গে স্যামি আরও বলেন, ‘এই সফরে কী অপেক্ষো করছে, সে বিষয়ে ওয়েস্ট ইন্ডিজ দল পুরোপুরি সচেতন। বার্বাডোজে টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্র শুরু হওয়ার সময় যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল, আমরা নির্ধারিত সে লক্ষ্য অর্জন করতে উন্মুখ হয়ে আছি।’
আগামী ৫ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। প্রথম ম্যাচে পাওয়া জয়কে পুঁজি করে সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়েই মাঠে নামবে সফরকারীরা। অন্যদিকে ঘরের মাঠে ঘুরে দাঁড়িয়ে সিরিজে সমতা ফেরানোর চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে।



