আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) পরবর্তী আসর ঘিরে তৈরি হয়েছে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের আগ্রহ। টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফটে জায়গা পেয়েছেন বাংলাদেশের একাধিক পরিচিত মুখ। প্লাটিনাম ও ডায়মন্ড-দুই ক্যাটেগরিতেই রয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের উপস্থিতি। আগামী ৩ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত হবে এই ড্রাফট।
এবারের ড্রাফটে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় থাকবেন মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। তারা জায়গা পেয়েছেন প্লাটিনাম ক্যাটেগরিতে। অন্যদিকে ডায়মন্ড ক্যাটেগরিতে রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস, তাওহীদ হৃদয়, শরীফুল ইসলাম ও নাহিদ রানা। সব মিলিয়ে দুই ক্যাটেগরিতে বাংলাদেশের ১০ ক্রিকেটারের নাম রয়েছে।
বাংলাদেশি ক্রিকেটারদের পাশাপাশি প্লাটিনাম ক্যাটেগরিতে জায়গা পেয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটের বেশ কয়েকজন পরিচিত তারকা। শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা, চারিথ আসালাঙ্কা ও মহীশ থিকশানা, দক্ষিণ আফ্রিকার রিজা হেনড্রিকস ও রাসি ফন ডার ডুসেন এবং ওয়েস্ট ইন্ডিজের রোভম্যান পাওয়েল ও রোমারিও শেফার্ড রয়েছেন এই তালিকায়। ইংল্যান্ডের মঈন আলী, জেসন রয়, অ্যালেক্স হেলস ও জেমস ভিন্সের উপস্থিতিও ড্রাফটের আকর্ষণ বাড়িয়েছে।
ডায়মন্ড ক্যাটেগরিতেও রয়েছে তারকাদের সমাগম। বাংলাদেশের সাকিব, লিটন ও হৃদয়ের সঙ্গে এই তালিকায় আছেন ইংল্যান্ডের ডেভিড মালান, লিয়াম ডসন ও রিস টপলি। ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইস, ব্র্যান্ডন কিং ও কলিন মুনরো, আয়ারল্যান্ডের পল স্টার্লিং, জিম্বাবুয়ের সিকান্দার রাজা এবং শ্রীলঙ্কার কুশল পেরেরার মতো ক্রিকেটাররাও রয়েছেন এই ক্যাটেগরিতে।
এবারের এপিএলে খেলার আগ্রহ দেখিয়ে নিবন্ধন করেছিলেন আফগানিস্তান ও বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ১ হাজার ৫০০ ক্রিকেটার। যাচাই-বাছাই শেষে সেখান থেকে ৪৬২ জনকে ড্রাফটের জন্য চূড়ান্ত করা হয়েছে। তাদের রাখা হয়েছে পাঁচটি ক্যাটেগরিতে-প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড, সিলভার ও ইমার্জিং।
গত সপ্তাহে অংশগ্রহণকারী দলগুলোর নেতৃত্বে থাকা ব্যক্তিদের নাম প্রকাশের পর এবার খেলোয়াড় বাছাইয়ের পালা। ৩ নভেম্বরের ড্রাফটে ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রতিনিধি, সংশ্লিষ্ট কর্মকর্তা, ক্রিকেটার ও টুর্নামেন্টের অন্যান্য অংশীজন উপস্থিত থাকবেন। নিজেদের প্রয়োজন এবং টুর্নামেন্টের নিয়ম মেনে সেখান থেকেই স্কোয়াড সাজাবে দলগুলো।



