ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্ট শুরুর আগে বাংলাদেশ শিবিরে ছিল লিটন দাসকে নিয়ে অনিশ্চয়তা। টসের আগে ওয়ার্মআপে উইকেটকিপিং করতে দেখা যায় জাকের আলী অনিককে। তবে টসের পর নিশ্চিত হওয়া যায়, চোট কাটিয়ে এই টেস্টে খেলছেন লিটন। কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। আঙুলের চোটের কারণে প্রথম টেস্টে খেলতে পারছেন না দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। তার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন তাওহিদ হৃদয়।
আজ বুধবার শুরু হওয়া মিরপুর টেস্টের আগের দিন অনুশীলনে চোট পান মুশফিক। মিরপুরের একাডেমি মাঠে নেটে ব্যাটিং করার সময় তার ডান হাতের তর্জনিতে বল লাগে। ব্যথা পেয়ে সঙ্গে সঙ্গেই নেটের পাশে বসে পড়েন তিনি। পরে প্রায় আধা ঘণ্টা শুশ্রূষা শেষে আঙুলে টেপ পেঁচিয়ে ড্রেসিংরুমে ফিরে যান। এরপর আর ব্যাটিং অনুশীলন করেননি এই অভিজ্ঞ ব্যাটার।
এক্স-রেতে গুরুতর কিছু ধরা না পড়ায় মুশফিকের খেলার সম্ভাবনা ছিল। তবে ম্যাচের দিন সকাল পর্যন্ত আঙুলের অবস্থার যথেষ্ট উন্নতি না হওয়ায় তাঁকে একাদশে রাখা হয়নি। ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে মাঠের বাইরে থাকতে হচ্ছে বাংলাদেশের অন্যতম অভিজ্ঞ এই ক্রিকেটারকে।
জাতীয় দলের ফিজিও বায়েজীদুল ইসলাম জানিয়েছেন, মুশফিকের আঙুলে থেঁতলে যাওয়ার চোট লেগেছে, ‘মুশফিকুর রহিম ডান হাতের তর্জনিতে ব্যথা পেয়েছে। পরবর্তী সময় থেকে সে আমাদের পর্যবেক্ষণে ছিল। আজ সকাল পর্যন্ত যথেষ্ট উন্নতি হয়নি। এটা একটা কনটিউশন (থেঁতলে যাওয়া) ইনজুরি। আমরা আশা করছি, আগামী তিন দিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। পরের টেস্টে খেলতে পারবে।’
বাংলাদেশ দলের জন্য তাই আপাতত অপেক্ষা মুশফিকের সুস্থ হয়ে ওঠার। আগামী ৫ নভেম্বর সিলেটে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। ফিজিওর বক্তব্য অনুযায়ী, এর আগেই চোট কাটিয়ে মাঠে ফেরার আশা করছেন দলের অভিজ্ঞ এই ব্যাটার।



