জিম্বাবুয়ের কাছে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে ৯৯ রানের বড় হারের পর বাংলাদেশ ক্রিকেটে বিরাজ করছে হতাশা। আবুধাবিতে অনুষ্ঠিত সেই ম্যাচে দলের পারফরম্যান্সে হতাশ হয়ে মাঠেই ক্রিকেটারদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। সেই আলোচনায় ক্রিকেটারদের প্রতি তামিমের বার্তা কী ছিল, তা জানিয়েছেন দলের প্রধান কোচ ফিল সিমন্স। একই সঙ্গে পরাজয়ের কারণ চিহ্নিত করে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ও ব্যক্ত করেছেন তিনি।
জিম্বাবুয়ের বিপক্ষে হারের পর তামিম ইকবালের সঙ্গে দলের আলোচনায় মূল বার্তা ছিল কঠোর পরিশ্রম চালিয়ে যাওয়া এবং দেশের প্রতিনিধিত্ব করার দায়িত্ব মনে রাখা। সিমন্স বলেন, ‘তামিমের ম্যাসেজ ছিল এটাই- কঠোর পরিশ্রম করতে থাকো। আমরা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছি, কোটি কোটি মানুষকে প্রতিনিধিত্ব করছি, এটা মাথায় রেখো। সবাই আমাদের সাফল্য দেখতে মুখিয়ে আছে। ওর কাছ থেকে মূলত এই বার্তাটাই ছিল।’
বড় ব্যবধানে হারের পরও দলের মনোবল ভেঙে পড়েনি বলে জানিয়েছেন সিমন্স। তাঁর মতে, ক্রিকেটাররা এখনও ভালো খেলার ব্যাপারে ইতিবাচক এবং পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছেন। সকালে দলের বৈঠকে আগের ম্যাচের ভালো-মন্দ দিকগুলো নিয়েও আলোচনা হয়েছে।
সিমন্স বলেন, ‘ছেলেদের মধ্যে এখনও এনার্জি আছে। আজ সকালেও মিটিং হলো। কী ভালো হলো, কী ভালো হলো না এসব নিয়ে কথা হয়েছে। আমরা জানি এখন আমাদের কী করতে হবে। আমরা ভালো খেলছিলাম। এটা ছিল এমন এক দিন যেদিন কিছুই পক্ষে যায়নি। জানি এখান থেকে কীভাবে কামব্যাক করতে হয়। আমরা ভালো প্রস্তুতি নিয়ে পরের গেমের জন্য প্রস্তুত হচ্ছি।’
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের পরাজয়ের অন্যতম কারণ হিসেবে ম্যাচের পরিস্থিতি বুঝে খেলতে না পারাকে দায়ী করেছেন প্রধান কোচ। তাঁর মতে, ভালো শুরুর পরও প্রতিপক্ষকে চাপে রাখতে পারেনি বাংলাদেশ। এরপর ব্যাটিংয়েও প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে ব্যর্থ হয় দল। বিশেষ করে পুরো ৫০ ওভার ব্যাট করতে না পারার বিষয়টি নিয়ে শিষ্যদের সমালোচনা করেছেন সিমন্স।
তিনি বলেন, ‘সঠিক মুহূর্ত বুঝতে না পারাই ছিল গত ম্যাচের ঘাটতি। পরিস্থিতি অনুযায়ী খেলতে পারিনি। আমাদের এটা নিশ্চিত করতে হবে ওয়ানডে ম্যাচে ৫০ ওভার যেন ব্যাট করতে পারি। হারলে তো দর্শকরা খুশি হবেই না। বিশেষ করে যেভাবে আমরা হেরেছি। ভক্তদের অনুভূতিটা বুঝি। চেষ্টা করব শারজায় যাতে এই অনুভূতি না পেতে হয় তাদের।’
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখতে বাংলাদেশের সামনে এখন পরের ম্যাচে জয়ের বিকল্প নেই। এদিকে অসুস্থতার কারণে আগের ম্যাচে খেলতে না পারা মেহেদী হাসান মিরাজ দলের অনুশীলনে ফিরেছেন। তাকে ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন সিমন্স। তার আশা, বিশ্রাম ও অনুশীলনের মাধ্যমে মিরাজ পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুত হয়ে উঠবেন।
এ প্রসঙ্গে সিমন্স বলেন, ‘হ্যাঁ মিরাজকে ফিরে পেয়ে ভালো লাগছে। গত কিছু দিন সংগ্রাম করছিল। আজ ও কাল আরও বিশ্রাম নেওয়ার সুযোগ আছে। আশা করি পরের ম্যাচের জন্য প্রস্তুত হয়ে যাবে। হ্যাঁ, তোমাকে ম্যাচটা দেখতে তো হবেই (হাসি)। ভেতরে ভেতরে কী চাই তা তো জানোই। তবে এই ম্যাচে কী হয় না হয় সেটা আমাদের হাতে নেই। আমাদের ভালো প্র্যাকটিস করে নিজেদের ম্যাচের জন্য প্রস্তুত হতে হবে।’



