দেশের মাটিতে প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। মিরপুরে নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাসদের অনুশীলন যখন চলছে পুরোদমে, তখন এশিয়ান গেমসে অংশ নিতে জাপানে অবস্থান করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সামনে দুই দলেরই রয়েছে ব্যস্ত আন্তর্জাতিক সূচি। তবে সেই দুই সফরেই থাকছে একটি উল্লেখযোগ্য পরিবর্তন-জাতীয় দলের সঙ্গে সফরে যাচ্ছেন না বিসিবির কোনো নির্বাচক।
এশিয়ান গেমসের ব্যস্ততা শেষ করে দেশে ফিরবে নারী দল। এরপর খুব বেশি সময় বিশ্রামের সুযোগ নেই নিগার সুলতানা জ্যোতি-ফারজানা-নাহিদাদের। আবার ব্যাগ গুছিয়ে অস্ট্রেলিয়ার উদ্দেশে উড়াল দিতে হবে তাদের। সেখানে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
পুরুষ দলের সামনেও অপেক্ষা করছে বিদেশ সফর। পরবর্তী গন্তব্য সংযুক্ত আরব আমিরাত। সেখানে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট খেলবে বাংলাদেশ। এরপর জিম্বাবুয়েকে সঙ্গে নিয়ে ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে টিম টাইগার্স।
দুই দলের এই গুরুত্বপূর্ণ সফরের প্রস্তুতির মধ্যেই বিসিবির সিদ্ধান্তে এসেছে পরিবর্তন। নারী ও পুরুষ-কোনো দলটির সঙ্গেই এবার সফর করবেন না বোর্ডের কোনো নির্বাচক। অথচ এত দিন দেশে কিংবা বিদেশে দ্বিপক্ষীয় সিরিজ হলে দলের সঙ্গে অন্তত একজন নির্বাচকের থাকার রীতি ছিল।
আসন্ন অস্ট্রেলিয়া ও সংযুক্ত আরব আমিরাত সফর দিয়ে সেই প্রচলিত ধারায় ছেদ পড়তে যাচ্ছে। বিষয়টি নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নিল বিসিবি?
বিসিবি সূত্রের তথ্য অনুযায়ী, এটি কোনো নির্দিষ্ট সফরকে ঘিরে নেওয়া সাময়িক সিদ্ধান্ত নয়। বরং সামনে থেকে সব সিরিজে নিয়মিত নির্বাচকদের সফরে পাঠানোর পরিবর্তে সিরিজের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিবেচনা করে নির্বাচক পাঠানোর নীতি অনুসরণ করতে চায় বোর্ড।



