আলোচনা হয়েছিল আগেই, এবার মিলল আনুষ্ঠানিক অনুমোদন। আগামী বছরের মার্চে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেপাল সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ২৬, ২৮ ও ৩০ মার্চ কাঠমান্ডুতে হবে সিরিজের ম্যাচগুলো।
তবে মাঠের লড়াইয়ের বাইরেও বিশেষ তাৎপর্য থাকছে এই সিরিজের। সম্প্রতি নেপালে ভয়াবহ বন্যায় প্রাণ হারানো মানুষদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সিরিজটি উৎসর্গ করা হবে। শোকের এই সময়ে ক্রিকেটকে দুই দেশের বন্ধুত্ব ও সংহতির বার্তা পৌঁছে দেওয়ার মাধ্যম হিসেবে দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সিরিজ আয়োজনের আলোচনা শুরু হয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক ও বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারির বৈঠকে। এরপর বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রদূত ভান্ডারি। সেখানে বাংলাদেশ দলের নেপাল সফরের পাশাপাশি দুই দেশের ক্রিকেটীয় সহযোগিতা আরও বিস্তৃত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
নেপালের ক্রিকেটের উন্নয়নেও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে বিসিবি। পুরুষ ও নারী দলের পারস্পরিক সফর, হাই পারফরম্যান্স কার্যক্রম, প্রশিক্ষণ ও কারিগরি সহায়তার পাশাপাশি দুই দেশের ক্রিকেটের উন্নয়নে বিভিন্ন উদ্যোগে সহযোগিতার কথা জানিয়েছে বাংলাদেশ।
নেপালের বিপক্ষে এখন পর্যন্ত দুটি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। দুটিই ছিল বিশ্বকাপের ম্যাচ, আর দুই ম্যাচেই জয় পেয়েছিল বাংলাদেশ। এবার প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি হওয়ার অপেক্ষায় দুই দল।



