দেশের বিভিন্ন জেলায় ক্রিকেট সংস্থা, সংগঠন ও কমিটি গঠন নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের বিভিন্ন স্থানে ব্যক্তি ও গোষ্ঠীর উদ্যোগে জেলা ভিত্তিক ক্রিকেট সংস্থা গঠন এবং ক্রিকেটের উন্নয়ন, আয়োজন ও প্রচারের নামে বিভিন্ন কার্যক্রম পরিচালনার বিষয়টি নজরে আসার পর এ বিষয়ে সতর্কবার্তা দিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, এ ধরনের কোনো সংস্থা, সংগঠন বা উদ্যোগের সঙ্গে তাদের কোনো ধরনের সম্পর্ক, অনুমোদন, স্বীকৃতি কিংবা সংশ্লিষ্টতা নেই। ফলে এসব সংগঠনকে কোনোভাবেই বিসিবির অনুমোদিত বা স্বীকৃত জেলা ক্রিকেট সংস্থা হিসেবে বিবেচনা করা যাবে না।
বিসিবি জানিয়েছে, দেশের জেলা ও আঞ্চলিক পর্যায়ে ক্রিকেট পরিচালনা এবং সংশ্লিষ্ট ক্রিকেট সংস্থার স্বীকৃতি, গঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণের বিষয়ে তাদের সংবিধানে সুনির্দিষ্ট সাংগঠনিক কাঠামো নির্ধারণ করা আছে। সংবিধানের ৬.২ অনুচ্ছেদ অনুযায়ী, সারা দেশে ক্রিকেট সংগঠনের সম্প্রসারণ ও সমন্বয়ের পাশাপাশি ক্রিকেট পরিচালনার স্বার্থে বিসিবি নির্ধারিত অঞ্চল অনুযায়ী আঞ্চলিক ও জেলা ক্রিকেট সংস্থা গঠন নিশ্চিত করা বোর্ডের দায়িত্বের অন্তর্ভুক্ত।
এ ছাড়া সংবিধানের ৬.৪ অনুচ্ছেদে বিসিবির অধিভুক্ত ক্রিকেট সংস্থাগুলোকে স্বীকৃতি দেওয়া এবং তাদের কার্যক্রম নিয়ন্ত্রণের পাশাপাশি বোর্ড কর্তৃক গঠিত আঞ্চলিক ও জেলা ক্রিকেট সংস্থাসহ বিভিন্ন অঞ্চল ও অঙ্গসংগঠনের স্বীকৃতি, পরিচালনা ও নিয়ন্ত্রণের দায়িত্বও বিসিবির ওপর ন্যস্ত করা হয়েছে।
জেলা ক্রিকেট সংস্থার গঠন ও কার্যক্রমের ক্ষেত্রেও নির্দিষ্ট শর্ত রয়েছে বলে জানিয়েছে বিসিবি। সংবিধানের ৯.১(খ) অনুচ্ছেদ অনুযায়ী সংশ্লিষ্ট জেলা ক্রিকেট সংস্থাকে বিসিবি অনুমোদিত নীতিমালা ও বিধিমালা অনুসারে গঠিত হতে হবে। একই সঙ্গে জাতীয় ক্রিকেট লীগ, জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ, জাতীয় যুব ও বয়সভিত্তিক ক্রিকেটসহ বিসিবি আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় নিয়মিত অংশগ্রহণ এবং নিজ অঞ্চলে নিয়মিত ক্রিকেট লীগ আয়োজনের বাধ্যবাধকতাও রয়েছে।
বিসিবি আরও জানিয়েছে, কোনো জেলায় জেলা ক্রিকেট সংস্থার প্রয়োজনীয় প্রশাসনিক ও অবকাঠামোগত সুবিধা গড়ে না ওঠা পর্যন্ত সংশ্লিষ্ট জেলা ক্রীড়া সংস্থাকে জেলা ক্রিকেট সংস্থা হিসেবে গণ্য করা হবে।
এসব সাংবিধানিক বিধানের আলোকে বিসিবি স্পষ্ট করেছে, কেবল তারাই ‘জেলা ক্রিকেট সংস্থা’ হিসেবে স্বীকৃত বা অনুমোদিত হবে, যারা বিসিবির স্বীকৃতি বা অনুমোদন নিয়ে প্রযোজ্য সাংবিধানিক বিধান, নীতিমালা ও বিধিমালা অনুসরণ করে গঠিত হয়েছে। এ ধরনের সংস্থাই বিসিবির সাংগঠনিক কাঠামোর অংশ হিসেবে বিবেচিত হবে।
অন্যদিকে, বিসিবির স্বীকৃতি বা অনুমোদন ছাড়া কোনো সংস্থা বা সংগঠন নিজেদের জেলা ক্রিকেট সংস্থা হিসেবে দাবি করলে সেটিকে বিসিবির সংবিধান পরিপন্থী অবৈধ সংস্থা হিসেবে বিবেচনা করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ অবস্থায় ক্রিকেটার, ক্লাব, সংগঠক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কোনো ধরনের বিভ্রান্তিতে না পড়ার আহ্বান জানিয়েছে বিসিবি। কোনো জেলা ভিত্তিক ক্রিকেট সংগঠন বা কমিটি বিসিবির স্বীকৃত কি না, সে বিষয়ে নিশ্চিত হতে প্রয়োজনে সরাসরি বিসিবির সঙ্গে যোগাযোগ করার পরামর্শও দেওয়া হয়েছে।
দেশের ক্রিকেটের সুষ্ঠু পরিচালনা, উন্নয়ন এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সব ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তি, সংস্থা ও প্রতিষ্ঠানকে বিসিবির সংবিধান এবং বোর্ড অনুমোদিত নীতিমালা ও বিধিমালা অনুসরণ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।



