ব্যাটিংয়ে চরম ব্যর্থতার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা বাংলাদেশের জন্য হতাশায় মোড়ানো ছিল। মাত্র ৬৪ রানে অলআউট হয়ে যাওয়ার পর স্বাগতিকদের বড় লিডের শঙ্কাই তৈরি হয়েছিল। তবে সেই হতাশার মধ্যেই আশার আলো জ্বালিয়েছেন শরীফুল ইসলাম। ক্যারিয়ারসেরা বোলিংয়ে মাত্র ৩৫ রান খরচ করে নিয়েছেন ৬ উইকেট। তার বোলিংয়েই প্রথম দিন শেষে ১৬৫ রানে ৮ উইকেট হারিয়ে চাপে অস্ট্রেলিয়া।
চোটের কারণে প্রথম টেস্টের দলে ছিলেন না শরীফুল। সতীর্থদের সঙ্গে অস্ট্রেলিয়ার বিমানেও উঠতে পারেননি তিনি। ফিটনেস টেস্টে পাস করার পর একাই পাড়ি দেন অস্ট্রেলিয়ায়। দ্বিতীয় টেস্টে একাদশে সুযোগ পেয়েই দেখালেন কেন তাঁকে নিয়ে বাংলাদেশের এত প্রত্যাশা। ১৪তম টেস্টে এসে পেলেন ক্যারিয়ারের প্রথম ফাইফার, সেটিও অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষেই।
শরীফুলের এই দুর্দান্ত বোলিংয়ের পেছনে বড় ভূমিকা রেখেছে অস্ট্রেলিয়ার পেসারদের বোলিং পর্যবেক্ষণ। বাংলাদেশের ইনিংসে মিচেল স্টার্ক মাত্র ১২ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট। প্যাট কামিন্সের শিকার তিনটি। তাঁদের বোলিং খুব মনোযোগ দিয়ে দেখেছেন শরীফুল। সেখান থেকেই নিজের বোলিংয়ের জন্য শিক্ষা নেওয়ার চেষ্টা করেছেন তিনি।
দিন শেষে নিজের বোলিং নিয়ে শরীফুল বলেন, ‘অস্ট্রেলিয়ার পেসাররা বরাবরই খুব ভালো করে। ওদের বোলাররা লিজেন্ড, তারা ভালো করেছে। দেখছিলাম কোন কীভাবে বল করলে বোলারদের জন্য বাড়তি সুবিধা পাওয়া যায়।’
অস্ট্রেলিয়ার ব্যাটিংয়েও নতুন বলের সুইংয়ের প্রভাব দেখা গেছে। বাংলাদেশের ব্যাটারদের মাত্র ৬৪ রানে গুটিয়ে দিতে এই সুবিধা কাজে লাগিয়েছেন স্টার্ক-কামিন্সরা। শরীফুলও মনে করেন, দ্বিতীয় ইনিংসে বাংলাদেশকে একই সুবিধা কাজে লাগাতে হবে। তিনি বলেন, ‘নতুন বলে সব সময়ই সুইং করেছে। ১৫-২০ ওভার পর্যন্ত সুইং করেছে। ওরা এই সুবিধা কাজে লাগিয়েছে। হয়তো পরবর্তীতে আমরাও এই সুযোগ কাজে লাগতে চেষ্টা করব।’
প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা ম্যাচ থেকে দলকে ছিটকে দিতে পারত। কিন্তু শরীফুলের বোলিংয়ের কারণে প্রথম দিনের শেষেও অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াইয়ে থাকার সুযোগ তৈরি হয়েছে। তবে ব্যক্তিগতভাবে ছয় উইকেট পাওয়াকে বড় করে দেখছেন না এই পেসার। তার কাছে দলের জয়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
শরীফুল বলেন, ‘পাঁচ উইকেট পেলেও আমি স্বাভাবিক আছি। ম্যাচ জিতলে তার (পাঁচ উইকেট পাওয়ার) চেয়ে অনেক বেশি খুশি হব। চেষ্টা করবে যেন আমরা দলগতভাবে খেলতে পারি এবং ম্যাচটা বের করে আনতে পারি। আমাদের ড্রেসিংরুমের বার্তা একটাই-খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে।’
বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়কে অবশ্য অতীতের বিষয় হিসেবে দেখছেন শরীফুল। তার বিশ্বাস, দ্বিতীয় ইনিংসে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে ম্যাচের পরিস্থিতি বদলে দেওয়া সম্ভব। প্রথম ইনিংসের ব্যর্থতা নিয়ে তার মূল্যায়ন, ‘এটা শুধু আমাদের একটা খারাপ দিন ছিল। তবে শুধু আমাদেরই না, ওরাও (অস্ট্রেলিয়া) কিন্তু সংগ্রাম করছে। ইনশাআল্লাহ দ্বিতীয় ইনিংসে আমরা ঘুরে দাঁড়াব। আমরা এখনো খেলায় আছি। চেষ্টা করব, দ্বিতীয় ইনিংসের পুরোটা যেন আমাদের হয়।’
প্রথম দিন শেষে অস্ট্রেলিয়া বাংলাদেশের চেয়ে ১০১ রানে এগিয়ে। হাতে আছে মাত্র দুই উইকেট। তাই শরীফুলের লক্ষ্য এখন দ্রুত অস্ট্রেলিয়ার ইনিংস শেষ করে দ্বিতীয় ইনিংসে নিজেদের সেরাটা দেওয়া। ম্যাচের অবস্থান নিয়ে তাঁর বার্তাও পরিষ্কার, ‘এখনো তো খেলা শেষ হয়ে যায়নি। প্রথম দিন গেল। ব্যাটিংয়ে আজ আমাদের একটু খারাপ দিন গেছে। প্রতিপক্ষও তো অনেক সরগ্রাম করেছে। দেখা যাক, দ্বিতীয় ইনিংসে আমরা কতটুকু ঘুরে দাঁড়াতে পারি।’



