অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ দল। ডারউইনে প্রথম টেস্টে ৯ উইকেটের জয় তুলে নিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা নাজমুল হোসেন শান্তর দল এবার ইতিহাস গড়ার হাতছানি নিয়ে মাঠে নামবে। আগামী শনিবার ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় শুরু হবে দুই দলের দ্বিতীয় টেস্ট। ড্র কিংবা জয়-যেকোনো একটি ফল বাংলাদেশকে এনে দিতে পারে অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক সিরিজ সাফল্য।
তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বাংলাদেশ শিবিরে কৌতূহলের কেন্দ্রে ডারউইন টেস্টের সেঞ্চুরিয়ান তানজিদ হাসান তামিম। ম্যাকাইয়ে দলের অনুশীলনে ব্যাটিং করেননি এই ওপেনার। পুরো নেট সেশনে প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনের সঙ্গে নেটের এক পাশে দাঁড়িয়ে ছিলেন তিনি।
এর আগে অবশ্য মূল স্টেডিয়ামে দলের সঙ্গে ওয়ার্মআপ ও ফিল্ডিং অনুশীলনে অংশ নেন তানজিদ। দলের একাধিক সূত্র জানিয়েছে, ঘাড়ে আড়ষ্টতা অনুভব করায় তাকে ব্যাটিং অনুশীলন থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। টিম ম্যানেজমেন্ট আপাতত কোনো ঝুঁকি নিতে চাচ্ছে না। টেস্ট শুরুর আগে আরও একদিন হাতে থাকায় তানজিদের পরিস্থিতি নিয়ে খুব বেশি উদ্বিগ্নও নয় দল। আশা করা হচ্ছে, সুস্থ হয়ে পরের অনুশীলনেই পুরোপুরি ফিরতে পারবেন ডারউইনে ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সেঞ্চুরি করা এই ওপেনার।
তানজিদের পাশাপাশি অনুশীলনে অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়েন মুশফিকুর রহিমও। নেটের উইকেটে ব্যাটিং করার সময় আঙুলে বলের আঘাত পেয়ে কিছুক্ষণের জন্য বসে পড়েন অভিজ্ঞ এই ব্যাটার। পরে অবশ্য প্রাথমিক চিকিৎসা নিয়ে আবার ব্যাটিং অনুশীলনে ফেরেন তিনি। ফলে আপাতত মুশফিককে নিয়েও বড় ধরনের শঙ্কার খবর নেই।
ম্যাকাইয়ের অনুশীলনে পেসার শরীফুল ইসলামকেও বেশ সক্রিয় দেখা গেছে। দীর্ঘ সময় বোলিং করেছেন তিনি। এ সময় বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্সকে শরীফুলের সঙ্গে আলাদাভাবে কথা বলে পরামর্শ দিতে দেখা যায়। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের পেস আক্রমণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ম্যাকাইয়ের উইকেটে গতি ও বাউন্সের সম্ভাবনা থাকায় শরীফুলদের ওপরও থাকবে বাড়তি নজর।



