অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের পর ক্রিকেটারদের পাশাপাশি নেপথ্যে থাকা কোচিং স্টাফদের কৃতিত্বও সামনে আনলেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বিশেষ করে জাতীয় দলের দেশি কোচদের অবদান তুলে ধরে তাদের আরও সুযোগ ও দায়িত্ব দেওয়ার পক্ষে মত দিয়েছেন তিনি।
নিজের ফেসবুক পোস্টে মাশরাফি লিখেছেন, ‘দল হারলে আমরা খুব সহজেই সিলেক্টর বা কোচিং প্যানেলকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিই, কিন্তু দল জিতলে তাদের কৃতিত্বটা আড়ালে পড়ে যায়।’
ডারউনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ উইকেটের জয়কে সামনে রেখে কয়েকজনকে ধন্যবাদ জানানোর প্রয়োজনীয়তার কথাও বলেছেন সাবেক এই অধিনায়ক। তাঁর বিশেষ নজরে ছিলেন জাতীয় দলের দেশি কোচিং স্টাফের সদস্যরা।
মাশরাফি লিখেছেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের পর কয়েকজনকে ধন্যবাদ না দিলেই নয়, বিশেষ করে আমাদের দেশি কোচ যারা আছেন।’
জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল, বোলিং কোচ তালহা জুবায়ের, ফিল্ডিং কোচ আশিকুর রহমান এবং কম্পিউটার অ্যানালিস্ট শাওনসহ দলের সঙ্গে যুক্ত সংশ্লিষ্টদের এই সাফল্যের অংশীদার হিসেবে দেখেছেন তিনি। মাশরাফির মতে, দেশি কোচদের সামর্থ্য কাজে লাগানোর আরও সুযোগ তৈরি করা প্রয়োজন।
তিনি বলেন, ‘আমাদের দেশি কোচদের যদি আরও সুযোগ এবং দায়িত্ব দেওয়া হয়, আমি বিশ্বাস করি তারা নিজেদের সামর্থ্য আরও ভালোভাবে প্রমাণ করতে পারবেন এবং দেশের ক্রিকেটকে আরও অনেক কিছু দিতে পারবেন। নিজের আবেগ প্রকাশ করে সাবেক অধিনায়ক লিখেছেন, ‘জয়টা শুধু ক্রিকেটারদের নয়, পেছনে থাকা প্রতিটি মানুষেরও।’
মাশরাফির বার্তার পরিধি শুধু কোচিং স্টাফেই সীমাবদ্ধ থাকেনি। মাঠের ক্রিকেটারদের পাশাপাশি দলের পেছনে থেকে সরাসরি কিংবা পরোক্ষভাবে কাজ করা প্রতিটি মানুষের অবদানের কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি।



