অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে শরিফুল ইসলামকে পাওয়া যাচ্ছে না, এটি প্রায় নিশ্চিত। তবে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাঁহাতি এই পেসারের ফেরার আশা ছাড়ছে না বাংলাদেশ দল। প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনের বিশ্বাস, পুনর্বাসনের অগ্রগতি অব্যাহত থাকলে দ্বিতীয় টেস্টে মাঠে দেখা যেতে পারে শরিফুলকে।
জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৪৪ রানে ৪ উইকেট নেওয়ার পরই হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে যান শরিফুল। ম্যাচ শেষেই দেশে ফিরতে হয় তাকে। এক সপ্তাহ বিশ্রামের পর শুরু করেন পুনর্বাসন। পরে বিসিবি জানায়, গ্রেড-১ হ্যামস্ট্রিং ইনজুরির কারণে প্রথম টেস্টে তার খেলা অনিশ্চিত।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ১২ আগস্টের দিকে ফিটনেস পরীক্ষা দেবেন ২৫ বছর বয়সী এই পেসার। ইনজুরি থেকে দ্রুত সেরে ওঠায় লিটন দাসকে যেমন প্রথম টেস্টের দলে রাখা হয়েছে, শরিফুলের ক্ষেত্রেও উন্নতির খবর মিলছে। তবে পেসার হওয়ায় তার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করছে দলের মেডিকেল বিভাগ।
শরিফুলের অবস্থা নিয়ে হাবিবুল বাশার বলেন, ‘আমি আশাবাদী। ওর (শরিফুল) অগ্রগতিটাও লিটনের মতো খুব ভালো হচ্ছে। তবে যেহেতু সে একজন পেসার, পেসারদের জন্য তো কাজের চাপ আরেকটু বেশি দিতে হয়। সে কারণে হয়তো লিটনের মতো সিদ্ধান্ত এখনো ওর ক্ষেত্রে নেওয়া হয়নি। তবে আমি আশাবাদী, দ্বিতীয় টেস্টে ওকে মাঠে পেয়ে যাব।’
অন্যদিকে ইনজুরির কারণে পুরো অস্ট্রেলিয়া সফর থেকেই ছিটকে গেছেন আরেক পেসার নাহিদ রানা। তার অনুপস্থিতিতে বাংলাদেশের পেস আক্রমণ কিছুটা দুর্বল হয়েছে বলেই মনে করছেন অনেকে। তবে এসব নিয়ে এখন আর ভাবতে চান না প্রধান নির্বাচক।
আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ২২ আগস্ট, সাউথ ম্যাকায়েতে।



