ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর ঘিরে অনিশ্চয়তা কাটাতে সরকারি পর্যায়ে যোগাযোগ জোরদার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগস্টের শেষ দিকে ভারতের বাংলাদেশে আসার কথা থাকলেও এখনো সফর নিয়ে দেশটির পক্ষ থেকে চূড়ান্ত ও আনুষ্ঠানিক কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি।
এ পরিস্থিতিতে বৃহস্পতিবার বিসিবি সভাপতি তামিম ইকবাল এবং বোর্ডের সিকিউরিটি কমিটির চেয়ারম্যান সাঈদ ইব্রাহিম পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের কার্যালয়ে সাক্ষাৎ করেন। ক্রিকবাজ এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, সিরিজটি আয়োজনের বিষয়ে ভারতের আনুষ্ঠানিক সম্মতি না পাওয়ায় দুই দেশের মধ্যে সরকারি পর্যায়ে যোগাযোগের উদ্যোগ নেওয়ার অনুরোধ জানিয়েছে বিসিবি।
মূলত এই সিরিজটি ২০২৪ সালে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ভারত দুই দফায় তা পিছিয়ে দেয়। এরপর নতুন সূচি অনুযায়ী আগস্টের শেষ দিকে সিরিজ আয়োজনের পরিকল্পনা করা হলেও সফর নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে।
এর আগে ২৯ জুলাই বিসিবি সভাপতি তামিম ইকবাল সিরিজটি নিয়ে আশাবাদ প্রকাশ করলেও অনিশ্চয়তার বিষয়টিও তুলে ধরেন। তিনি বলেন, এ বিষয়ে এককভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার নেই এবং কিছু বিষয় সরকারের পক্ষ থেকেই তদারকি করা প্রয়োজন।










Discussion about this post