বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে নেতৃত্বের অধ্যায়ে এলো নতুন মোড়। কয়েক সপ্তাহ ধরেই মেহেদী হাসান মিরাজের ওয়ানডে অধিনায়কত্ব নিয়ে চলা জল্পনার অবসান ঘটিয়ে নেতৃত্বে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ওয়ানডে দলের অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে। এর ফলে টি-টোয়েন্টির পর ওয়ানডেতেও নেতৃত্ব দেবেন তিনি। অন্যদিকে সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন তাওহীদ হৃদয়। টেস্ট দলের নেতৃত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত।
বুধবার বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে সংবাদ সম্মেলনে নতুন নেতৃত্ব কাঠামোর ঘোষণা দেন বোর্ড সভাপতি তামিম ইকবাল। তিনি জানান, সাদা বলের ক্রিকেটে দুটি আলাদা অধিনায়ক নয়, একজন অধিনায়কের অধীনেই দুই সংস্করণ পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
তামিম ইকবাল বলেন, ‘আমি বিশ্বাস করি আমাদের দুই অধিনায়ক থাকা দরকার, বোর্ডও তাই বিশ্বাস করে।’ তিনি আরও জানান, ওয়ানডে নেতৃত্বে পরিবর্তনের আগে মেহেদী হাসান মিরাজের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে এবং তিনি এ সিদ্ধান্তে সম্মতি জানিয়েছেন।
জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে বাংলাদেশের ব্যর্থতার পর থেকেই মিরাজের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এরপর বিভিন্ন মহলে নেতৃত্ব পরিবর্তনের আলোচনা জোরালো হয়। শেষ পর্যন্ত সেই গুঞ্জনেরই আনুষ্ঠানিক ঘোষণা দিল বিসিবি।
পরিসংখ্যানও মিরাজের নেতৃত্বের পক্ষে খুব বেশি শক্ত অবস্থান তৈরি করতে পারেনি। তার অধিনায়কত্বে বাংলাদেশ ২৪টি ওয়ানডে খেলেছে। এর মধ্যে জয় ১০টি, হার ১৩টি এবং একটি ম্যাচ টাই হয়েছে। দেশের বাইরে ১৩ ম্যাচে মাত্র দুটি জয়ও নেতৃত্ব নিয়ে সমালোচনাকে আরও বাড়িয়ে দেয়।
এদিকে নেতৃত্বে পরিবর্তনের দিনই দেশে ফিরেছেন মিরাজ। লঙ্কা প্রিমিয়ার লিগে খেলতে থাকা এই অলরাউন্ডার জাতীয় দলের অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতির জন্য টুর্নামেন্টের মাঝপথে দেশে ফেরেন।









Discussion about this post