বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। আসন্ন আসর মাঠে গড়াবে কি না, তা নিয়ে কয়েক দিন ধরেই চলছে নানা আলোচনা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে নতুন সভাপতি তামিম ইকবালের একটি মন্তব্যের পর থেকেই তৈরি হয়েছে শঙ্কা-জোড়াতালি দিয়ে এবার বিপিএল আয়োজন করতে চায় না বিসিবি।
এই অনিশ্চয়তার মধ্যেই দেশের ক্রিকেটের সম্ভাব্য ক্ষতির দিকটি সামনে আনলেন জাতীয় দলের ক্রিকেটার তাওহীদ হৃদয়। তাঁর মতে, বিপিএল শুধু একটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট নয়, এটি অনেক ক্রিকেটারের আয়ের পথ এবং নিজেদের প্রমাণের বড় মঞ্চ।
বর্তমানে লঙ্কা প্রিমিয়ার লিগে খেলা হৃদয় মঙ্গলবার দারুণ এক ছোট ইনিংস খেলেন। ৮ বলে ৩১ রানের ক্যামিও ইনিংসের পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিপিএল প্রসঙ্গে নিজের উদ্বেগের কথা জানান তিনি।
হৃদয় বলেন, ‘(বিপিএল না হলে) অবশ্যই অনেক বড় ক্ষতি হবে। কারণ অনেক খেলোয়াড় আছেন, যারা শুধু বিপিএল খেলেন। তাদের জন্য এটা বড় ক্ষতি।’
তবে একই সঙ্গে বিপিএল আয়োজনের মান নিয়েও ভাবার প্রয়োজন আছে বলে মনে করেন তিনি। তার মতে, ফ্র্যাঞ্চাইজি না পাওয়া, বারবার বিতর্ক তৈরি হওয়া কিংবা আয়োজনের দুর্বলতা থাকলে বিসিবির উদ্বেগের জায়গাটিও অযৌক্তিক নয়।
হৃদয়ের ভাষায়, ‘একইসঙ্গে এটাও দেখতে হবে, যদি ভালো ফ্র্যাঞ্চাইজি না আসে, বারবার বিতর্ক হয়, তাহলে তাদেরও (বিসিবির) যুক্তি আছে। কিন্তু একজন পেশাদার খেলোয়াড় হিসেবে আমি চাইব যে বিপিএল হোক।’
বিপিএল না হলে শুধু বর্তমান ক্রিকেটাররাই ক্ষতিগ্রস্ত হবেন না, নতুন প্রতিভা উঠে আসার পথও সংকুচিত হবে বলে মনে করেন হৃদয়। ঘরোয়া ক্রিকেটের এই মঞ্চ থেকেই অনেক তরুণ ক্রিকেটার নিজেদের পরিচিত করে তোলেন। একটি মৌসুম বন্ধ হয়ে গেলে সেই সুযোগ হারাতে পারেন অনেকে।
তিনি বলেন, ‘অনেক খেলোয়াড় এখান থেকে উঠে আসবেন। যদি এক বছর লিগ না হয়, তাহলে সেই সুযোগ হারাবেন অনেকেই। সেটা দেশের ক্রিকেটের জন্যও বড় ক্ষতির কারণ হতে পারে।’
বিপিএল নিয়ে বিসিবির ভাবনা এখনো পরিষ্কার নয়। তবে ক্রিকেটারদের দৃষ্টিতে এই লিগের গুরুত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি জাতীয় দলে জায়গা করে নেওয়ার একটি বড় পথও। তাই হৃদয়ের চাওয়া, বিতর্ক ও সমস্যার সমাধান করেই হোক, কিন্তু বিপিএলের ধারাবাহিকতা যেন থেমে না যায়। তাঁর নিজের কথাতেই, ‘তাই নিজে চাইব যে বিপিএল হোক। যদিও আমার চাওয়ায় হয়তো খুব বেশি কিছু যায়-আসে না।’










Discussion about this post