অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত ১৫ সদস্যের দলে সবচেয়ে বড় খবর এক বছর পর উইকেটকিপার-ব্যাটার জাকের আলী অনিকের প্রত্যাবর্তন। একই সঙ্গে প্রথমবারের মতো জাতীয় টেস্ট দলে জায়গা পেয়েছেন পেসার মুশফিক হাসান। অন্যদিকে চোটের কারণে প্রথম টেস্টে খেলতে পারবেন না লিটন দাস, আর আগেই সিরিজ থেকে ছিটকে গেছেন গতিময় পেসার নাহিদ রানা।
লিটনের অনুপস্থিতিই জাকেরের জন্য জাতীয় দলে ফেরার দরজা খুলে দিয়েছে। যদিও সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে ধারাবাহিক ছিলেন তিনি। জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে তিন ইনিংসেই অর্ধশতক হাঁকানোর পাশাপাশি ঢাকা প্রিমিয়ার লিগেও একটি সেঞ্চুরি করেছিলেন এই উইকেটকিপার-ব্যাটার। সেই পারফরম্যান্সের ধারাবাহিকতায় আবারও লাল বলের দলে সুযোগ পেলেন তিনি।
২০২৪ সালের অক্টোবরে টেস্ট অভিষেকের পর এখন পর্যন্ত ছয়টি ম্যাচ খেলেছেন জাকের। ৩৩৭ রান করা এই ব্যাটারের গড় ৩০.৬৩। চারটি অর্ধশতক থাকলেও এখনও টেস্টে শতকের দেখা পাননি। তার সর্বোচ্চ ইনিংস ৯১ রান, যা এসেছিল ক্যারিয়ারের দ্বিতীয় সিরিজেই।
দলে আরেকটি আলোচিত সংযোজন পেসার মুশফিক হাসান। নাহিদ রানার অনুপস্থিতিতে তাকে প্রথমবারের মতো টেস্ট দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। পেস আক্রমণে তাঁর সঙ্গে থাকছেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন ও সৈয়দ খালেদ আহমেদ। স্পিন বিভাগের দায়িত্বে রয়েছেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।
ব্যাটিং বিভাগেও এসেছে পরিবর্তন। দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরেছেন সৌম্য সরকার। তবে এবার সুযোগ হয়নি ওপেনার মাহমুদুল হাসান জয়ের। উইকেটরক্ষক হিসেবে জাকের আলীর পাশাপাশি স্কোয়াডে রাখা হয়েছে অমিত হাসানকে।
আগামী ১৩ আগস্ট ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২১ আগস্ট সাউথ ম্যাকায়ে।
বাংলাদেশের টেস্ট স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলি, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, তানজিদ হাসান তামিম, অমিত হাসান, এবাদত হোসেন, মুশফিক হাসান ও তাসকিন আহমেদ।










Discussion about this post