জাতীয় দলের আসন্ন অস্ট্রেলিয়া সফরকে সামনে রেখে পেসার হাসান মাহমুদকে শ্রীলঙ্কা থেকে আগেভাগেই দেশে ফিরিয়ে আনছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বর্তমানে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) কলম্বো ক্যাপসের হয়ে খেলছিলেন এই ডানহাতি পেসার। তবে জাতীয় দলের প্রস্তুতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তার এনওসি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে পুরো এলপিএল খেলার জন্য হাসানকে অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হয়েছিল। টুর্নামেন্টটি আগামী ৮ আগস্ট পর্যন্ত চলার কথা। এর মধ্যে ৩ আগস্ট শেষ হবে রাউন্ড-রবিন পর্ব, এরপর ৪ থেকে ৮ আগস্ট অনুষ্ঠিত হবে নকআউট পর্ব।
তবে নির্ধারিত সূচি শেষ হওয়ার আগেই হাসানকে দেশে ফিরতে হচ্ছে। আগামী ১ আগস্ট জাতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা রয়েছে তার।
যদিও এখনো আনুষ্ঠানিকভাবে টেস্ট দলের স্কোয়াড ঘোষণা করা হয়নি। তবুও অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে হাসানকে সম্পূর্ণ ফিট ও প্রস্তুত রাখতে কোনো ঝুঁকি নিতে চাইছে না বিসিবি। সে কারণেই দুয়েক দিনের মধ্যেই তার দেশে ফেরার কথা রয়েছে।
অন্যদিকে হাসান মাহমুদ দেশে ফিরলেও এলপিএলে বাংলাদেশের প্রতিনিধিত্ব অব্যাহত থাকছে। পেসার রিপন মন্ডল জাফনা কিংসের হয়ে টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছেন। সবকিছু ঠিক থাকলে শিগগিরই শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়বেন তিনি।










Discussion about this post