বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। চোট কাটিয়ে অধিনায়ক প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও নাথান লায়নের প্রত্যাবর্তনে স্বাগতিকদের স্কোয়াডে ফিরেছে অভিজ্ঞতার ছাপ। এই তিন তারকা দলে ফেরায় অ্যাশেজ সিরিজে থাকা মাইকেল নেসার, ব্রেন্ডন ডগেট ও টড মার্ফিকে জায়গা ছাড়তে হয়েছে।
চোটের কারণে গত অ্যাশেজে নিয়মিত খেলতে পারেননি কামিন্স, হ্যাজলউড ও লায়ন। পিঠের চোট কাটিয়ে কামিন্স কেবল অ্যাডিলেড টেস্টে মাঠে নেমেছিলেন। পরে অ্যাশেজ নিশ্চিত হয়ে যাওয়ায় তাকে বিশ্রাম দেওয়া হয়। অন্যদিকে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে অস্ত্রোপচার করাতে হওয়ায় সিরিজ শেষ করতে পারেননি লায়ন। হ্যাজলউডও হ্যামস্ট্রিং ইনজুরি থেকে ফেরার পথে অ্যাকিলিসে চোট পাওয়ায় পুরো অ্যাশেজের বাইরে ছিলেন।
এই দুই পেসার চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে পারেননি। পরে আইপিএলের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলেও দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন তারা। এখন বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই আবারও একসঙ্গে জাতীয় দলে দেখা যাবে অস্ট্রেলিয়ার অভিজ্ঞ এই বোলিং ত্রয়ীকে।
তিন অভিজ্ঞ বোলারের ফেরায় অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণ আরও ভয়ংকর হয়ে উঠেছে। কামিন্স, হ্যাজলউড, মিচেল স্টার্ক ও স্কট বোল্যান্ডের পেস আক্রমণের সঙ্গে স্পিনে থাকছেন নাথান লায়ন। পাশাপাশি অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ও বো ওয়েবস্টার একাদশে জায়গার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন।
ব্যাটিং বিভাগেও খুব বেশি পরিবর্তন আনেনি নির্বাচকরা। স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মারনাস লাবুশেন, অ্যালেক্স ক্যারি ও জশ ইংলিসের মতো অভিজ্ঞদের পাশাপাশি অ্যাশেজে অভিষেক হওয়া জেক ওয়েদারাল্ডের ওপরও আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। সাম্প্রতিক সময়ে ছন্দে না থাকলেও লাবুশেনকে দলে রেখে তার অভিজ্ঞতার ওপর ভরসা করেছে অস্ট্রেলিয়া।
বাংলাদেশের জন্যও এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রায় ১৮ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে যাচ্ছে টাইগাররা। সর্বশেষ ২০০৮ সালে সেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ। এবার দুই দলের লড়াই হবে টেস্টে, যা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রের গুরুত্বপূর্ণ অংশ।
প্রথম টেস্ট শুরু হবে ১৩ আগস্ট ডারউইনে। দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২২ আগস্ট থেকে ম্যাকাইয়ে।
টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান পয়েন্ট তালিকায় অস্ট্রেলিয়া রয়েছে শীর্ষে। আট ম্যাচে সাত জয় নিয়ে তাদের সফলতার হার ৮৭.৫০ শতাংশ। অন্যদিকে চার ম্যাচে দুটি জয়, একটি ড্র ও একটি হার নিয়ে ৫৮.৩৩ শতাংশ সফলতা নিয়ে চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ।
পাকিস্তানকে ঘরের মাঠে ২-০ ব্যবধানে হারানোর আত্মবিশ্বাস নিয়েই অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে নাজমুল হোসেন শান্তর দল।
অস্ট্রেলিয়া টেস্ট দল
প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মারনাস লাবুশেন, নাথান লায়ন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, জেক ওয়েদারাল্ড ও বো ওয়েবস্টার।



