বাংলাদেশের ক্রীড়া প্রশাসনে নতুন করে বড় ধরনের রদবদল এনেছে সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে গঠিত ২৭টি ক্রীড়া ফেডারেশনের অ্যাডহক কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। একই সঙ্গে নবগঠিত কমিটিগুলোকে আগামী তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজন করে দায়িত্ব নির্বাচিত প্রতিনিধিদের কাছে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারের এই সিদ্ধান্তের মাধ্যমে দীর্ঘদিন ধরে স্থগিত থাকা ফেডারেশন নির্বাচনগুলো দ্রুত সম্পন্ন করার বার্তা দেওয়া হয়েছে। যদিও এর আগেও অন্তর্বর্তী সরকারের গঠিত কমিটিগুলোকে দ্রুত নির্বাচন আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু প্রশাসনিক জটিলতা ও অন্যান্য কারণে সেই নির্বাচনগুলো শেষ পর্যন্ত অনুষ্ঠিত হয়নি। এবার তাই নতুন কমিটির ওপরই নির্বাচন আয়োজনের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে।
তবে নতুন কমিটি ঘোষণার পরই আলোচনা শুরু হয়েছে তাদের আকার নিয়ে। অধিকাংশ ফেডারেশনে ২৭ থেকে ২৯ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। মাত্র তিন মাসের জন্য দায়িত্বপ্রাপ্ত কমিটির সদস্যসংখ্যা এত বেশি হওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছেন ক্রীড়া সংশ্লিষ্টরা। কারণ অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে, নির্বাচন আয়োজনের কথা বলে গঠিত অনেক অ্যাডহক কমিটিই নির্ধারিত সময়ের অনেক বেশি দায়িত্বে থেকেছে।
নতুন কমিটি গঠিত হয়েছে আর্চারি, অ্যাথলেটিকস, উশু, বক্সিং, রেসলিং, কাবাডি, কারাতে, ক্যারম, খো খো, জিমন্যাস্টিকস, জুডো, টেনিস, টেবিল টেনিস, তায়কোয়ান্দো, দাবা, ফেন্সিং, ব্যাডমিন্টন, ভলিবল, ভারোত্তোলন, মহিলা ক্রীড়া সংস্থা, রাগবি, রোয়িং, শুটিং, সাইক্লিং, সুইমিং, হকি ও হ্যান্ডবল ফেডারেশনে।
নেতৃত্বেও এসেছে পরিচিত অনেক মুখ। আর্চারি ফেডারেশনের সভাপতি হয়েছেন প্রতিষ্ঠাতা কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সাবেক আর্চার ও এসএ গেমস পদকজয়ী সৈয়দ তানভীর রায়হান। অ্যাথলেটিকসে সাধারণ সম্পাদক হিসেবে ফিরেছেন আলী ইমাম তপন এবং সুইমিং ফেডারেশনে একই দায়িত্ব পেয়েছেন সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল।
দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে দক্ষিণ এশিয়ার প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদকে। শুটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক হয়েছেন সাকিফ শামীম। একই সঙ্গে সাবেক শুটার শারমিন আক্তার রত্না মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং শুটিং ফেডারেশনের যুগ্ম সম্পাদক—দুই দায়িত্বই পেয়েছেন।
হকি, ভলিবল ও কাবাডিসহ বেশ কয়েকটি ফেডারেশনেও এসেছে নতুন নেতৃত্ব। হকির সাধারণ সম্পাদক হয়েছেন ইশতিয়াক সাদেক, কাবাডিতে দায়িত্ব পেয়েছেন মো. ইসরাইল হাওলাদার এবং ভলিবলের সাধারণ সম্পাদক হয়েছেন জাতীয় দলের সাবেক খেলোয়াড় আব্দুল মুমিন সাদ্দাম। এ ছাড়া ভারোত্তোলনে এস এম কাজল, ব্যাডমিন্টনে হাসিবুর রহমান শাকিল, টেবিল টেনিসে সাইদুল হক সাদী, সাইক্লিংয়ে পারভেজ হাসান, জুডোতে নয়না চৌধুরী এবং তায়কোয়ান্দোতে মাহমুদুল ইসলাম রানা দায়িত্ব পেয়েছেন।
অন্যদিকে কয়েকটি ফেডারেশনে ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে। মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি হিসেবে ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা, হ্যান্ডবলের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ, জিমন্যাস্টিকসের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান এবং বক্সিংয়ের সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস খান আগের পদেই বহাল রয়েছেন।










Discussion about this post