চোটের কারণে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) আসন্ন আসরে খেলছেন না বাংলাদেশ জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন দাস। জানা গেছে, ইনজুরির কারণেই তিনি নিজেই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন।
এর আগে এলপিএলের ফ্র্যাঞ্চাইজি গল গ্যালান্টস দলে ভিড়িয়েছিল লিটনকে। টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্রও (এনওসি) পেয়েছিলেন তিনি। এমনকি জাতীয় দলের অধিনায়কত্বের দায়িত্বে থাকলেও জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে না খেলে এলপিএলে যোগ দেওয়ার পরিকল্পনাও ছিল তার।
তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে পাওয়া চোট সেই পরিকল্পনায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। সেই ইনজুরির কারণে প্রথমে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে যান লিটন। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজেও খেলতে পারেননি। সর্বশেষ একই কারণে এলপিএল থেকেও সরে দাঁড়াতে হলো তাকে।
আগামী ১৭ জুলাই শুরু হবে শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টটির নতুন আসর, যা চলবে ৮ আগস্ট পর্যন্ত। শুরুতে এবারের এলপিএলে বাংলাদেশের পাঁচ ক্রিকেটারের খেলার কথা থাকলেও লিটনের সরে যাওয়ায় সেই সংখ্যা কমে দাঁড়াল চারে।
এবারের এলপিএলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ। ড্রাফটের আগেই সাকিব ও তাসকিনকে দলে নিয়েছিল জাফনা কিংস।








Discussion about this post