চার বছর অপেক্ষার পর জাতীয় দলে ফিরে ওয়ানডে সিরিজে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। এবার সেই ছন্দ ধরে রাখতে চান টি-টোয়েন্টিতেও। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের দলে জায়গা পাওয়া এই অলরাউন্ডারের চোখ এখন আর শুধু দলে ফেরা নয়, দলের জয়ে নিজের অবদান রাখার দিকে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ করে বাংলাদেশ দল এখন বুলাওয়েতে। হারারে থেকে ভিন্ন কন্ডিশনে শুরু হয়েছে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি। ১৫ জুলাই প্রথম ম্যাচের আগে অনুশীলনে ব্যস্ত টাইগাররা। সেই প্রস্তুতির মাঝেই নিজের লক্ষ্য ও প্রত্যাশার কথা জানিয়েছেন মোসাদ্দেক।
জাতীয় দলে ফিরে নিজের দায়িত্ব আরও বেড়ে গেছে বলে মনে করছেন এই অলরাউন্ডার। বিসিবির প্রকাশিত ভিডিওবার্তায় তিনি বলেন, ‘প্রত্যাশা তো নিজের প্রতি অনেক বেশি থাকবেই। যখন কামব্যাক করলাম একটা সিরিজে ভালো হয়েছে। দুই ম্যাচ ভালো করলাম। সেখান থেকে নিজের প্রতি প্রত্যাশা অনেক বেশি। আরও ভালো খেলতে হবে, দলের চাহিদা অনুযায়ী খেলতে হবে।’
বুলাওয়ের কন্ডিশন হারারের তুলনায় কিছুটা আলাদা বলেও জানিয়েছেন মোসাদ্দেক। তবে পরিবেশ যেমনই হোক, সুযোগ পেলে দলের জন্য ম্যাচে প্রভাব রাখাই তার প্রধান লক্ষ্য।
তিনি বলেন, ‘হারারে থেকে একটু ভিন্ন কন্ডিশন এখানে। এখানকার বাতাসটা একটু বেশি। অবশ্যই লক্ষ্য থাকবে যখনই সুযোগ পাব খেলার, চেষ্টা থাকবে সেই ইমপ্যাক্টটা দলের জন্য রাখার। সেভাবে যেন দল জিততে পারে। সবসময় এটাই লক্ষ্য থাকে। ব্যক্তিগত লক্ষ্য বলতে এটাই যে, দলকে যেন জেতাতে পারি। দলের যখন দরকার, যখন যেরকম চাহিদা সেই সময়ে যেন আমি নিজেকে সেভাবে মেলে ধরতে পারি।’
চার বছর পর দলে ফিরে ওয়ানডেতে নিজের কার্যকারিতা দেখানো মোসাদ্দেকের সামনে এবার নতুন পরীক্ষা টি-টোয়েন্টি ফরম্যাট। জিম্বাবুয়ের বিপক্ষে ১৫, ১৭ ও ১৯ জুলাই অনুষ্ঠিত হবে তিন ম্যাচের সিরিজ। আর সেই সিরিজে নিজের সাম্প্রতিক আত্মবিশ্বাস ধরে রেখে বাংলাদেশকে সাফল্য এনে দেওয়ার অপেক্ষায় আছেন এই অলরাউন্ডার।









Discussion about this post