বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সবচেয়ে পরিচিত বাংলাদেশি মুখদের একজন সাকিব আল হাসান। বিভিন্ন দেশের টি-টোয়েন্টি লিগে নিয়মিত খেলা এই অলরাউন্ডার বর্তমানে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) এমআই নিউইয়র্কের হয়ে খেলছেন। সেই ব্যস্ত সূচির মধ্যেই এবার আরও একটি নতুন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার সুযোগ পেলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।
আসন্ন এশিয়ান লিজেন্ডস লিগে আইকন ক্রিকেটার হিসেবে সাকিবকে দলে ভিড়িয়েছে বাংলাদেশ টাইগার্স। ছয় দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে দলটি। অভিজ্ঞ ও পরিচিত ক্রিকেটারদের নিয়ে শক্তিশালী দল গড়ার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ টাইগার্স, যেখানে সাকিবই থাকবেন সবচেয়ে বড় আকর্ষণ।
সূচি অনুযায়ী আগামী ৩১ জুলাই ইন্ডিয়ান রয়্যালসের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ টাইগার্স। এরপর ১ আগস্ট শ্রীলঙ্কান লায়ন্সের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে দলটি।
গ্রুপ পর্বে বাংলাদেশের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ৩ আগস্ট, প্রতিপক্ষ আফগানিস্তান পাঠানস। এরপর ৫ আগস্ট পাকিস্তান প্যান্থার্সের বিপক্ষে মাঠে নামবে সাকিবের দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৭ আগস্ট এশিয়ান স্টার্সের মুখোমুখি হবে বাংলাদেশ টাইগার্স। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১০ আগস্ট।
সাকিবের পাশাপাশি বাংলাদেশ টাইগার্সের হয়ে আরও কয়েকজন পরিচিত ক্রিকেটার মাঠে নামতে পারেন। সম্ভাব্য দলে রয়েছেন সাবেক জাতীয় দলের পেসার রুবেল হোসেন, নাজমুস সাদাত, নাঈম ইসলাম, শফিউল ইসলাম, জিয়াউর রহমান, ইলিয়াস সানি, আবুল হাসান রাজু এবং আসিফ আহমেদ রাতুল।
দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের পাশাপাশি বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে সাকিবের। এশিয়ান লিজেন্ডস লিগেও সেই অভিজ্ঞতাই বাংলাদেশ টাইগার্সের অন্যতম বড় শক্তি হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। নতুন এই টুর্নামেন্টে সাকিবের পারফরম্যান্সের দিকেও তাই থাকবে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের বিশেষ নজর।









Discussion about this post