অস্ট্রেলিয়া সফর শেষ করেই ব্যস্ত সূচিতে ফিরেছে বাংলাদেশ দল। জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ খেলতে ইতোমধ্যে দলের প্রথম বহর দেশটিতে পৌঁছে গেছে। আজ (বুধবার) দ্বিতীয় বহরও জিম্বাবুয়ের উদ্দেশে রওনা দেবে। তবে টেস্ট ম্যাচ থেকে বিশ্রামে থাকায় জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ গতকাল জেডি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ ফিল সিমন্স। সেখানে তাসকিনের ক্রিকেটের বাইরের উদ্যোগের প্রশংসা করে সিমন্স বলেন, ‘ক্রিকেটের বাইরে তাসকিনের পদক্ষেপ দেখে আমি খুশি, যদিও বাংলাদেশের ক্রিকেটে তার দেওয়ার মতো এখনও অনেক কিছু বাকি আছে।’
অনুষ্ঠানে নিজের ক্রিকেট জীবনের শুরুর দিকের অভিজ্ঞতাও তুলে ধরেন তাসকিন। তিনি জানান, তার ক্রিকেট যাত্রা শুরু হয়েছিল টেপ টেনিস ক্রিকেট দিয়ে।
তাসকিন বলেন, ‘আমি হঠাৎ টেপ ক্রিকেটে না। টেপ ক্রিকেট দিয়েই তো আমি শুরু করেছিলাম । শুধু আমি না, এখানে বেশিরভাগ প্লেয়াররাই টেপ ক্রিকেট দিয়েই শুরু করেছে। এরপর আমরা আস্তে আস্তে ক্রিকেট বলে এসেছি। আমি টেপ টেনিস দিয়ে স্টার্ট করেছি। বড় হয়েছি। অনেক টেপ টেনিস খেলতাম, তো আমি ছোট থেকেই বেশ জোরে বল করতাম।’
ক্রিকেটের প্রতি নিজের গভীর ভালোবাসার কথাও জানান জাতীয় দলের এই পেসার। তাসকিন বলেন, ‘ক্রিকেট আমার শুধু প্রফেশন না, ইটস মাই প্যাশন। এটা আমার ব্লাডে আছে। আমি আসলে ক্রিকেট খেলা ছাড়া ঠিকমতো মানে জানি না, বাট ক্রিকেট ছাড়া আমি কোন কিছু চিন্তাও করতে পারি না আসলে।’
ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তাসকিনের লক্ষ্য দেশের হয়ে দীর্ঘ সময় খেলতে পারা। এ বিষয়ে তিনি বলেন, ‘সামনে আমাদের অনেক ক্রিকেট খেলা আছে যাতে আমি সুস্থ থাকি ভালো থাকি এবং দেশকে আরো রিপ্রেজেন্ট করতে পারি লম্বা সময়।’










Discussion about this post