পাকিস্তানের বিপক্ষে দেশের মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের নায়ক মুশফিকুর রহিম এবার পেলেন আন্তর্জাতিক স্বীকৃতি। দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যের সুবাদে মে মাসের আইসিসি পুরুষ ‘প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটসম্যান। মাসসেরার দৌড়ে তিনি পেছনে ফেলেছেন সতীর্থ স্পিনার তাইজুল ইসলাম এবং নেপালের অলরাউন্ডার দিপেন্দ্র সিং আইরিকে।
সোমবার মে মাসের সেরা ক্রিকেটারদের নাম ঘোষণা করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পুরুষ বিভাগে মুশফিক সেরা হলেও নারী বিভাগে পুরস্কার জিতেছেন ইংল্যান্ডের পেসার লরেন বেল।
ঘরের মাঠে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করার ঐতিহাসিক সিরিজে বাংলাদেশের ব্যাটিংয়ের অন্যতম ভরসা ছিলেন মুশফিক। দুই টেস্টে একটি সেঞ্চুরি ও একটি ফিফটির সাহায্যে তিনি করেন ২৫৩ রান, গড় ছিল ৬৩.২৫। সিরিজজুড়ে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ক্যারিয়ারে প্রথমবারের মতো সিরিজসেরার স্বীকৃতিও পান তিনি।
মিরপুরে প্রথম টেস্টে দলের কঠিন সময়ে ৭১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন মুশফিক। এরপর সিলেটে দ্বিতীয় টেস্টে ১৩৭ রানের দুর্দান্ত সেঞ্চুরি করে বাংলাদেশের জয় সহজ করে দেন। সেই ইনিংসের মাধ্যমে তিনি মমিনুল হককে ছাড়িয়ে বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরির মালিকও হন।
এটি মুশফিকের ক্যারিয়ারের দ্বিতীয় আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কার। এর আগে ২০২১ সালের মে মাসে প্রথমবার এই সম্মান অর্জন করেছিলেন তিনি। পাঁচ বছর পর আবারও একই মাসে পুরস্কারটি জিতে নতুন করে নিজের ধারাবাহিকতার প্রমাণ দিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।
পুরস্কার জয়ের পর প্রতিক্রিয়ায় মুশফিক বলেন, আইসিসির মাসসেরা খেলোয়াড় হিসেবে আবার নির্বাচিত হওয়া তার জন্য গর্বের বিষয়। বিশেষ করে টেস্ট ক্রিকেটের পারফরম্যান্সের স্বীকৃতি পাওয়ায় তিনি আনন্দিত। পাকিস্তানের বিপক্ষে স্মরণীয় সিরিজ জয়ে সতীর্থ তাইজুল ইসলামের অবদানের কথাও বিশেষভাবে উল্লেখ করেন তিনি।
মুশফিক বলেন, পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে তাইজুলের ভূমিকাও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা দীর্ঘদিন মনে রাখা হবে। একই সঙ্গে তিনি জানান, এই জয় আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বাংলাদেশকে এগিয়ে যেতে সহায়তা করেছে, যা দলের জন্য বড় অর্জন। সমর্থন দেওয়ার জন্য সতীর্থ, কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
পাকিস্তান সিরিজে বল হাতেও উজ্জ্বল ছিলেন তাইজুল ইসলাম। দুই টেস্টে একবার পাঁচ উইকেটসহ মোট ১৩ উইকেট নিয়ে মাসসেরার সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছিলেন এই বাঁহাতি স্পিনার। তবে শেষ পর্যন্ত ব্যাট হাতে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে পুরস্কারটি ওঠে মুশফিকের হাতেই।
বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে মুশফিক ও সাকিব আল হাসানই একাধিকবার আইসিসির মাসসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। সাকিব ২০২১ সালের জুলাই এবং ২০২৩ সালের মার্চ মাসে এই স্বীকৃতি পেয়েছিলেন। সাম্প্রতিক সময়ে নাহিদ রানা ও মেহেদী হাসান মিরাজও মাসসেরার পুরস্কার জিতেছেন। নারী ক্রিকেটে বাংলাদেশের হয়ে এই সম্মান অর্জন করেছেন নাহিদা আক্তার ও সোবহানা মুস্তারি।



