বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) ঘিরে অনিয়ম, ফিক্সিং অভিযোগ এবং আর্থিক বিশৃঙ্খলা নিয়ে কঠোর অবস্থান নিয়েছেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। মিরপুরে বৃহস্পতিবার আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, ফিক্সিংয়ের অভিযোগে পাঁচ ক্রিকেটারকে শাস্তি দেওয়া হয়েছে এবং যথেষ্ট প্রমাণ পাওয়ার পরই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
ফিক্সিং তদন্ত চলাকালে বোর্ডে না থাকলেও দায়িত্ব নেওয়ার পর বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখেছেন বলে জানান তামিম। তিনি বলেন, ‘আমি প্রশ্ন করেছি আমাদের কাছে কি যথেষ্ট প্রমাণ আছে? আমি উত্তর পেয়েছি। আমি বলেছি এক্সিকিউট করেন।’
সবশেষ বিপিএল শেষ হওয়ার কয়েক মাস পরও আলোচনা থামছে না। বিশেষ করে ফ্র্যাঞ্চাইজি মালিকানা, ব্যাংক গ্যারান্টি ও ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে নানা অভিযোগ সামনে এসেছে। সংবাদ সম্মেলনে তামিম জানান, কিছু সিদ্ধান্ত বিসিবির জন্য বড় ধরনের প্রশ্ন তৈরি করেছে।
তিনি বলেন, ‘দুইটা ফ্র্যাঞ্চাইজি একটা মৌসুম খেলে ফেলেছে অথচ চুক্তিই হয় নাই। এটাকে কী আপনি শুধু ভুল বলবেন? অবশ্যই, জবাবদিহিতা করতে হবে।’
এরপর সাবেক বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের প্রসঙ্গ টেনে তামিম বলেন, ‘তাহলে উনাকে (আমিনুল ইসলাম বুলবুল) জবাবদিহিতা করতে হবে। সে কী কারণে ১০ কোটি টাকার জায়গায় ৩ কোটি টাকা নিয়েছেন। একটা দলকে ফ্র্যাঞ্চাইজি নিতে না করেছে তাও কেন দিয়েছে। এসবের উত্তর দিতে হবে।’
তবে নিজের বক্তব্যকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে দেখতে নারাজ তামিম। তিনি বলেন, ‘আমি কিন্তু কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে চাই না। আপনি ফ্যাক্ট নিয়ে আলোচনা করছি। কেউ যদি ভুল করে থাকে তাকে জবাবদিহিতা করতে হবে। সে যেই হোক। আমি যদি এখন কোনো ভুল করে যাই তাহলে আমাকেও জবাবদিহিতা করতে হবে।’
বিপিএলের আর্থিক ক্ষতির বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন বিসিবির এই কর্মকর্তা। তার ধারণা, সবশেষ আসরে বোর্ডের লোকসানের পরিমাণ ১৪ থেকে ১৬ কোটি টাকার মধ্যে হতে পারে। এ নিয়ে তামিম বলেন, ‘পুরোপুরি নিশ্চিত না আমি, তবে গত বিপিএলে ১৪-১৬ কোটি টাকা লস হতে পারে। দুর্ভাগ্যক্রমে বাংলাদেশে আপনি কালকে সকালে ঘুম থেকে উঠেও ফ্র্যাঞ্চাইজির মালিক হতে পারবেন।’
বিগত দুই আসরেই বিপিএল ঘিরে বিতর্কের শেষ ছিল না। বিশেষ করে ২০২৫ সালের আসরে ফিক্সিং, পারিশ্রমিক বকেয়া এবং দল পরিচালনায় নানা অব্যবস্থাপনা নিয়ে ব্যাপক সমালোচনা হয়। এমন পরিস্থিতিতে ভবিষ্যতে শুধুমাত্র আয়োজনের জন্য বিপিএল আয়োজন না করার কথাও স্পষ্ট করে দিয়েছেন তামিম।
তিনি বলেন, ‘আমি জোড়াতালি দিয়ে বিপিএলের মতো টুর্নামেন্ট করব না। আমরা যদি ফ্র্যাঞ্চাইজি না পাই, তাহলে আমরা মনে হয় না বিপিএল করা উচিত। শুধু করার জন্য বিপিএল করার থেকে না করাই ভালো। আমি সবসময় বিশ্বাস করি নিয়মিত বিপিএল হওয়া উচিত। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি।’
ভুল সিদ্ধান্তের দায় এড়ানোর সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। তামিম বলেন, ‘আমি যদি কোনো কিছু করি, যার কারণে বিসিবি ভোগান্তিতে পড়ে তাহলে আমাকে ধরতে হবে। আপনি ভুল করতেই পারেন। তবে জেনেশুনে যখন আপনি ভুল করেন তখন সেটা ক্রাইম।’










Discussion about this post