৪ মে শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ২০২৫-২৬ মৌসুম। তার আগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। অংশগ্রহণকারী ১২ দলের প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই আয়োজনে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় এই আসরকে ঘিরে নতুন মৌসুমের প্রস্তুতির চিত্রই ফুটে উঠেছে।
নতুন মৌসুমে ঢাকা লিগে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ক্লাবগুলোর জন্য অনুদান বাড়িয়েছে, ম্যাচ ভেন্যুর সংখ্যা বাড়িয়ে ছয়টিতে নেওয়া হয়েছে এবং খেলোয়াড়দের জন্য স্বাস্থ্যসম্মত মধ্যাহ্নভোজের ব্যবস্থাও রাখা হয়েছে।
একই সঙ্গে জরুরি চিকিৎসাসেবার জন্য আইসিইউ সুবিধাসম্পন্ন অ্যাম্বুলেন্স যুক্ত করা হয়েছে, যা আগে ছিল না। তামিম ইকবালের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই এসেছে এই উদ্যোগ। গত মৌসুমে মাঠে খেলার সময় হৃদ্রোগে আক্রান্ত হওয়ার পর তিনি এই বিষয়টির গুরুত্ব উপলব্ধি করেন এবং এবার সেটিকে বাস্তবে রূপ দেওয়া হয়েছে।
এছাড়া এবার থেকে ঢাকা লিগেও দুর্নীতি দমন নীতিমালা কার্যকর করা হচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেট কিংবা বিপিএলের মতোই খেলোয়াড় ও কোচিং স্টাফদের ওপর কড়াকড়ি আরোপ করা হবে, যার মধ্যে ম্যাচ চলাকালে মোবাইল ফোন ব্যবহারে বিধিনিষেধও অন্তর্ভুক্ত থাকবে।
আজ সংবাদ সম্মেলনে তামিম আরও জানিয়েছেন, ‘এবার আমরা আমাদের বিসিবির তরফ থেকে প্রত্যেকটা টিমকে লাঞ্চও প্রোভাইড করছি। আমি এটা জানি, হঠাৎ করে ওই ভাতের অভ্যাস থেকে গ্রিলড চিকেনে নিয়ে আসা মুশকিল। জাতীয় দল, বয়সভিত্তিক দল কিংবা ‘এ’ দলের ক্রিকেটাররা হয়তো এটার সাথে পরিচিত। তবে যারা শুধু ঘরোয়া ক্রিকেট খেলেন, তাদের একদম হুট করে পুরোটা চেঞ্জ করে দেওয়া কঠিন হবে। তবে রান্নাটা যেন স্বাস্থ্যসম্মত উপায়ে হয়- এটুকু অন্তত নিশ্চিত করব। আমাদের যারা মেনু সেট করে, তাদের দিয়ে মেনু সেট করানো হয়েছে।’
ক্লাবগুলো বিসিবির অনুদান পাচ্ছে ২৫ লাখ টাকা, ম্যাচে ক্রিকেটাররা পাচ্ছেন দুপুরের খাবার। সুযোগ-সুবিধা বাড়ছে অনেক। তবে একজন পেশাদারের মৌলিক যে নিশ্চয়তা, অর্থাৎ কাজ করলে প্রতিশ্রুত অর্থপ্রাপ্তির নিশ্চয়তা থাকা উচিত- ক্রিকেটারদের ক্ষেত্রে ক্লাবগুলোকে এ জায়গায় কোনো নিয়মের ভেতরে আনতে পারেনি বিসিবি।
মাঠের লড়াইও শুরু হবে আকর্ষণীয় সব ম্যাচ দিয়ে। লিজেন্ডস অফ রূপগঞ্জ প্রথম ম্যাচেই পাচ্ছে রূপগঞ্জ টাইগার্সকে! প্রথম রাউন্ডেই মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড ও শক্তিশালী দল ঢাকা লেপার্ডস। মোহামেডান স্পোর্টিং ক্লাব খেলবে সিটি ক্লাবের বিপক্ষে, আর অগ্রণী ব্যাংক ও প্রাইম ব্যাংক একে অপরের প্রতিদ্বন্দ্বী।









Discussion about this post