বাংলাদেশ ক্রিকেটে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে সাকিব আল হাসান। দেশের বাইরে থাকলেও জাতীয় দলে তার সম্ভাব্য ফেরা নিয়ে নতুন করে জোর গুঞ্জন শুরু হয়েছে। দেশের জার্সিতে তাকে আবার দেখা যেতে পারে-এমন আলোচনা ছড়িয়ে পড়েছে ক্রিকেটাঙ্গনে। ক্রীড়া প্রতিমন্ত্রী থেকে শুরু করে বিসিবির শীর্ষ কর্মকর্তারা এমনকি জাতীয় দলের কয়েকজন ক্রিকেটারও বিভিন্ন সময় সাকিবকে দলে ফেরানোর বিষয়ে মত দিয়েছেন।
তবে পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে সেই সম্ভাবনা বাস্তবে রূপ নেয়নি। জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স জানালেন, সাকিবের ফেরার বিষয়ে তার কাছে নির্দিষ্ট কোনো তথ্য নেই। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনারা যতটুকু শুনেছেন বা পত্রিকায় পড়েছেন, আমিও ঠিক ততটুকুই জানি (সাকিব আল হাসানের ফেরা নিয়ে)। এ ব্যাপারে আমার কাছে বাড়তি কোনো তথ্য নেই।’
এদিকে সামনে বিশ্বকাপের পরিকল্পনা নিয়ে নতুন ভাবনার কথাও জানিয়েছেন টাইগারদের এই কোচ। দক্ষিণ আফ্রিকার কন্ডিশন মাথায় রেখে দল সাজাতে চান তিনি, যেখানে পেস বোলারদের ওপর নির্ভরতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
সিমন্স বলেন, ‘আমরা এখন থেকে চেষ্টা করব অন্তত তিনজন ফাস্ট বোলার নিয়ে খেলার। কারণ আপনি ঠিকই বলেছেন, বিশ্বকাপ সাউথ আফ্রিকায় এবং সেখানে আমাদের পেসারদের ওপরই নির্ভর করতে হবে।’ একই সঙ্গে তিনি জানান, পরিস্থিতি অনুযায়ী তিন স্পিনার খেলানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
বাংলাদেশ দলের পারফরম্যান্স বিশ্লেষণ করতে গিয়ে মিডল ওভারকে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হিসেবে দেখছেন কোচ। ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই মাঝের ওভারগুলোতে উন্নতির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।
সিমন্সের ভাষায়, ‘মিডল ওভারে আমরা যতটা ভালো হতে চেয়েছিলাম, ততটা হতে পারিনি। আমি একটু আগেও বলেছি, এই জায়গাটিতে আমরা অনেক বেশি জোর দিচ্ছি। ওই ওভারগুলোতে কত রান আসছে, কয়টি সিঙ্গেল বা কয়টি বাউন্ডারি আমরা পাচ্ছি- সেটা খুব গুরুত্বপূর্ণ। ৫০ ওভারের খেলায় এটা একটা বিশাল অংশ।’
দীর্ঘ বিরতির পর আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। চলতি বছরের প্রথম সিরিজে আগামী বুধবার মাঠে নামবে টাইগাররা, প্রতিপক্ষ পাকিস্তান। সিরিজ শুরুর আগে মিরপুরের উইকেট নিয়েও আশাবাদী সিমন্স।










Discussion about this post