ওয়ানডে ক্রিকেটে টানা ব্যর্থতায় নিজের সেরা ছন্দ যেন হারিয়েই ফেলেছেন লিটন দাস। গত বছরের জুলাইয়ের পর এই সংস্করণে আর মাঠে নামা হয়নি তার। পারফরম্যান্সও আশানুরূপ নয়। তবুও পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের দলে এই উইকেটরক্ষক ব্যাটারকে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, লিটনের অভিজ্ঞতা ও সম্ভাবনার দিকটি বিবেচনা করেই তাকে দলে রাখা হয়েছে।
বাংলাদেশের হয়ে সবশেষ আটটি ওয়ানডেতে এক অঙ্কের রানেই থেমেছেন লিটন। এর মধ্যে চারবার শূন্য রানে আউট হয়েছেন তিনি। সর্বশেষ ফিফটির দেখা পেয়েছিলেন ১৪ ইনিংস আগে, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচে। এমন হতাশাজনক পরিসংখ্যানের পরও নির্বাচকেরা তাকে পরিকল্পনার বাইরে রাখছেন না।
লিটনকে নিয়ে বিসিবির প্রত্যাশার কথা জানিয়ে নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘লিটনের অভিজ্ঞতাকে আমরা খুব গুরুত্বের সঙ্গে দেখি। আশা করি, ও খুব ভালো খেলবে। ওকে নিয়ে আমাদের যথেষ্ট স্বপ্ন আছে। মিডল অর্ডারে যদি সে থিতু হতে পারে, সে ক্ষেত্রে আমাদের ব্যাটিংটা অনেক শক্তিশালী হতে পারে। কারণ, ওর মতো একজন অভিজ্ঞ খেলোয়াড় মাঝে দরকার। সেদিক থেকে আমার ধারণা, এই নির্বাচনটা হয়েছে। দেখা যাক ও কেমন করে।’
পাকিস্তানের বিপক্ষে সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরে। সাম্প্রতিক সময়ে এই ভেন্যুর উইকেটের চরিত্র বদলেছে বলেও জানান ফাহিম।
তিনি বলেন, ‘তিনটি ম্যাচই মিরপুরে হবে সুস্পষ্ট কারণে। আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি, মিরপুরে আগে যে ঐতিহ্যগতভাবে নিচু ও মন্থর উইকেট হতো, তেমন উইকেট কিন্তু এখন হয় না। এখন যে ধরনের উইকেটে আমরা সাম্প্রতিক সময়ে খেলে আসছি, সে রকম উইকেটই থাকবে।’
চেনা মাঠে খেলতে নামায় বাংলাদেশ কিছুটা বাড়তি সুবিধা পেতে পারে বলেও মনে করেন তিনি, ‘আশা করি, রান করাটা খুব কঠিন হবে না। প্রতিযোগিতামূলক হবে, কিন্তু রান করাটা কঠিন হবে না। কিন্তু কিছুটা সুবিধা আমাদের থাকবেই। যেহেতু আমরা এই উইকেটে খেলে অভ্যস্ত, পাকিস্তান এখানে অভ্যস্ত না। আমরা হয়তো কিছুটা এগিয়ে থাকব। কিন্তু আগে যে ধরনের সুবিধা পেতাম, সেটা হয়তো থাকবে না।’










Discussion about this post