প্রথমবারের মতো এশিয়ান কাপ খেলতে নেমে টানা দ্বিতীয় ম্যাচেও হারের মুখ দেখল বাংলাদেশ নারী ফুটবল দল। সিডনির কমনওয়েলথ ব্যাংক স্টেডিয়ামে আজ শুক্রবার অনুষ্ঠিত ম্যাচে শক্তিশালী উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে হেরেছে বাংলাদেশ।
ম্যাচের শুরু থেকেই উত্তর কোরিয়া আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। দ্রুতগতির পাস ও আক্রমণে তারা বাংলাদেশের রক্ষণভাগকে চাপে রাখে। গোলরক্ষক মিলি আক্তার কয়েকটি নিশ্চিত সুযোগ ঠেকিয়ে প্রথম দিকে দলকে স্বস্তি দিলেও শেষ পর্যন্ত প্রতিপক্ষের ধারালো আক্রমণ সামলানো সম্ভব হয়নি।
ম্যাচের ৬ ও ১১ মিনিটে কোরিয়ান ফরোয়ার্ড হান জিন হংয়ের দুটি ভালো সুযোগ নষ্ট করে দেন মিলি। প্রথমার্ধে আরও কয়েকবার গোলের কাছাকাছি পৌঁছায় উত্তর কোরিয়া। ১৪ মিনিটে তাদের একটি গোল ভিএআর পরীক্ষায় হ্যান্ডবলের কারণে বাতিল হয়। ২৬ মিনিটে আরেকটি গোল অফসাইডের কারণে গণ্য হয়নি। ৩৮ মিনিটে কিম কিয়ং-ইংয়ের হেড পোস্টে লেগে ফিরে আসে।
চাপ সামাল দিতে কোচ পিটার বাটলার বিরতির আগেই দলে পরিবর্তন আনেন। ৪৩ মিনিটের মধ্যেই তিনজন নতুন খেলোয়াড়কে মাঠে নামানো হয়। তবে প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে পেনাল্টি থেকে গোল করে উত্তর কোরিয়াকে এগিয়ে দেন মিয়ং ইউ-ঝং। গোল হজমের ধাক্কা কাটার আগেই দুই মিনিট পর কিম কিয়ং-ইং দ্বিতীয় গোল করেন।
দ্বিতীয়ার্ধেও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে উত্তর কোরিয়া। ৬২ মিনিটে চা উন-ইয়ং গোল করে ব্যবধান ৩-০ করেন। এর দুই মিনিট পর আবারও গোল করেন কিম কিয়ং-ইয়ং। ম্যাচের শেষ দিকে ৮৯ মিনিটে পঞ্চম গোল হজম করে বাংলাদেশ।
পুরো ম্যাচে বাংলাদেশ আক্রমণে খুব একটা সুযোগ তৈরি করতে পারেনি। চীনের বিপক্ষে আগের ম্যাচে যে প্রতিরোধ ও সংগঠিত খেলা দেখা গিয়েছিল, উত্তর কোরিয়ার বিপক্ষে তা ধরে রাখা যায়নি। দ্রুতগতির এই দলের বিপক্ষে বাংলাদেশের মূল ভরসা ঋতুপর্ণা চাকমাও কার্যকর হতে পারেননি।
র্যাঙ্কিংয়ের পার্থক্যও ম্যাচে স্পষ্ট ছিল। বাংলাদেশের অবস্থান ১১২তম, আর উত্তর কোরিয়া রয়েছে নবম স্থানে। টুর্নামেন্টে এটিই ছিল সবচেয়ে ভালো র্যাঙ্কিংয়ের দলের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী ৯ মার্চ পার্থে উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে সাত গোল হজম করায় কোয়ার্টার ফাইনালে ওঠার পথ কঠিন হয়ে গেছে। তবু শেষ ম্যাচে জয় পেলে সেরা তৃতীয় দলের একটি হিসেবে পরের পর্বে যাওয়ার সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যায়নি।










Discussion about this post