আইসিসির জানুয়ারি মাসের সেরা নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছেন সোবহানা মোস্তারি। এই স্বীকৃতির মাধ্যমে তিনি বাংলাদেশের দ্বিতীয় নারী ক্রিকেটার হিসেবে ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কার জিতলেন। এর আগে ২০২৩ সালের নভেম্বরে প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে এই সম্মাননা পেয়েছিলেন নাহিদা আক্তার।
আইসিসি শনিবার জানুয়ারি মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম ঘোষণা করে। মেয়েদের বিভাগে আয়ারল্যান্ড অধিনায়ক গ্যাবি লুইস এবং যুক্তরাষ্ট্রের বাঁহাতি পেসার তারা নরিস-কে পেছনে ফেলে সেরা হন সোবহানা।
নেপালে অনুষ্ঠিত টি–টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্সই তাকে এনে দিয়েছে এই স্বীকৃতি। টুর্নামেন্টে ছয় ম্যাচে ৪৫.৮০ গড় ও ১৪৫.৮৫ স্ট্রাইক রেটে ২২৯ রান করেন তিনি। থাইল্যান্ডের বিপক্ষে ৪২ বলে ৫৯ রানের ইনিংস ছিল তার সর্বোচ্চ, যেখানে ছিল একটি ছক্কা ও নয়টি চার। স্কটল্যান্ডের বিপক্ষেও খেলেন ৪৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। বাকি ম্যাচগুলোর বেশ কয়েকটিতেই ত্রিশোর্ধ রান করে দলের জয়ে অবদান রাখেন। পাশাপাশি অফ স্পিনে নেন একটি উইকেটও।
সোবহানার ধারাবাহিক ব্যাটিং নৈপুণ্যে বাংলাদেশ নারী ক্রিকেট দল বাছাইপর্বে ছয় ম্যাচের সবকটিতে জয় পায় এবং অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে জুনে ইংল্যান্ডে অনুষ্ঠেয় নারী টি–টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করে। তার এই পারফরম্যান্সকে নারী ক্রিকেটে বাংলাদেশের অগ্রযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।
পুরুষদের বিভাগে জানুয়ারির সেরা ক্রিকেটার হয়েছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার ড্যারিল মিচেল। তিনি ইংল্যান্ডের জো রুট ও ভারতের সূর্যকুমার যাদব-কে পেছনে ফেলেন।
ভারতের মাটিতে ওয়ানডে সিরিজে অসাধারণ ব্যাটিং করে নজর কাড়েন মিচেল। তিন ম্যাচের সিরিজে ১৭৬ গড়ে ৩৫২ রান করেন তিনি এবং শেষ দুই ম্যাচে টানা দুটি সেঞ্চুরি হাঁকান। সিরিজসেরা হওয়ার পাশাপাশি ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়েও শীর্ষে ওঠেন। এছাড়া ভারতের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজেও ১৮৬.৫৬ স্ট্রাইক রেটে ১২৫ রান করেন তিনি।










Discussion about this post