ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হান্ড্রেডের আসন্ন নিলামের জন্য নাম লিখিয়েছেন প্রায় এক হাজার ক্রিকেটার। সেই দীর্ঘ তালিকায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে আছেন মুস্তাফিজুর রহমান। ক্রিকইনফোর প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য।
২০২১ সালে যাত্রা শুরু করা দ্য হান্ড্রেডের আগের পাঁচ আসরে কোনো বাংলাদেশি ক্রিকেটার মাঠে নামেননি। ফলে এবারের নিলাম ঘিরে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। বাঁহাতি পেসার হিসেবে মুস্তাফিজের কাটার ও বৈচিত্র্যময় বোলিং ইংল্যান্ডের কন্ডিশনে কার্যকর হতে পারে বলেই মনে করছেন অনেকে। তবে তিনি আদৌ দল পান কি না, সেটিই এখন দেখার বিষয়।
গত দেড় মাসে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে আলোচিত বাংলাদেশি নাম নিঃসন্দেহে মুস্তাফিজ। আইপিএল থেকে বাদ পড়ার ঘটনায় তাকে ঘিরে তৈরি হয় ব্যাপক বিতর্ক। কলকাতা নাইট রাইডার্স তাকে দলে নিলেও পরে বিভিন্ন চাপ ও নির্দেশনার প্রেক্ষাপটে তাকে সরিয়ে দেওয়া হয় বলে আলোচনা ছড়িয়ে পড়ে। সেই ঘটনার পর নিরাপত্তা শঙ্কা দেখিয়ে বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে যেতে অস্বীকৃতি জানায় এবং শেষ পর্যন্ত আসর থেকেই বাদ পড়ে।
ঘটনার রেশ ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক অঙ্গনেও। বাংলাদেশের বাদ পড়ার প্রতিবাদে পাকিস্তান ভারত ম্যাচ বর্জনের ঘোষণা দিলেও আইসিসির হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এর মধ্যেই সামনে আসে দ্য হান্ড্রেডের নিলাম, যেখানে রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিবিসির তথ্য অনুযায়ী, আইপিএল মালিকানাধীন দলগুলো নিলাম থেকে কোনো পাকিস্তানি ক্রিকেটার দলে নেবে না। দ্য হান্ড্রেডের আট দলের মধ্যে চারটি আইপিএল সংশ্লিষ্ট মালিকানায়-সানরাইজার্স লিডস, সাউদার্ন ব্রেভস, ম্যানচেস্টার সুপার জায়ান্টস ও এমআই লন্ডন। রাজনৈতিক দ্বন্দ্বের কারণে ২০০৮ সালের পর থেকে যেমন আইপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের দেখা যায়নি, তেমনি এখানেও একই ধারা বজায় থাকতে পারে।
এবারের নিলামে অন্তত ৬৩ জন পাকিস্তানি ক্রিকেটার নাম দিয়েছেন, যাদের মধ্যে আছেন শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও শাদাব খানের মতো তারকারা। তবে আইপিএল সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিগুলো যদি তাদের এড়িয়ে চলে, তাহলে প্রতিযোগিতার কৌশলগত ভারসাম্য বদলে যেতে পারে।
এই প্রেক্ষাপটে মুস্তাফিজের অবস্থান গুরুত্বপূর্ণ। একমাত্র বাংলাদেশি হিসেবে তিনি বাড়তি নজরে থাকবেন। সাম্প্রতিক বিতর্ক তার বাজারমূল্যে প্রভাব ফেলবে, নাকি ইংল্যান্ডে নতুন সুযোগ এনে দেবে—তা নির্ভর করছে ফ্র্যাঞ্চাইজিগুলোর কৌশলের ওপর।










Discussion about this post