ভোলা-৩ আসনের নির্বাচনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) বড় ব্যবধানে জয় পেয়েছেন। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি সপ্তমবারের মতো জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির এই প্রার্থী পেয়েছেন ১ লাখ ৫১ হাজার ৭৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহাম্মদ নিজামুল হক নাঈম পেয়েছেন ৫৫ হাজার ৬৬০ ভোট। এই ব্যবধান তার জনপ্রিয়তারই প্রমাণ বলে মনে করছেন স্থানীয়রা।
হাফিজ উদ্দিন শুধু একজন রাজনীতিক নন, তিনি দেশের ক্রীড়াঙ্গনেরও পরিচিত মুখ। এক সময় তিনি পাকিস্তান জাতীয় দল ও ইস্ট বেঙ্গল রেজিমেন্টের হয়ে ফুটবল খেলেছেন। দেশের ঘরোয়া ফুটবলে মোহামেডানের হয়ে দীর্ঘদিন খেলেছেন এবং নেতৃত্ব দিয়েছেন। মাঠে তার গতি ও গোল করার ক্ষমতা ছিল উল্লেখযোগ্য। ঢাকা বিশ্ববিদ্যালয় দল, ঢাকা ওয়ান্ডারার্সসহ বিভিন্ন দলে খেলেছেন তিনি। স্বাধীনতার পর ঢাকা প্রথম বিভাগ ফুটবলে প্রথমবার তিনবার করে টানা ছয় গোল করার কৃতিত্বও তার রয়েছে।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশ নিয়ে তিনি বীরত্বের স্বীকৃতি হিসেবে ‘বীরবিক্রম’ খেতাব পান। ১৯৭৩ সালে তিনি জাতীয় ক্রীড়া পুরস্কার লাভ করেন। খেলাধুলার পাশাপাশি তিনি সেনাবাহিনীতেও দায়িত্ব পালন করেছেন। খেলোয়াড়ি জীবন শেষ করার পরও ক্রীড়াঙ্গনের সঙ্গে যুক্ত ছিলেন। প্রথম সাবেক ফুটবলার হিসেবে তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেন।
রাজনীতিতে তার পথচলা শুরু আশির দশকে। ১৯৮৬ সালে প্রথমবার ভোলা-৩ আসন থেকে নির্বাচন করেন। এরপর একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘ ১৭ বছর পর আবারও এই আসনে নির্বাচনে অংশ নিয়ে বড় জয় পেয়েছেন।
লালমোহন ও তজুমদ্দিন উপজেলা নিয়ে গঠিত ভোলা-৩ আসনে মোট ভোটার ৩ লাখ ৮৫ হাজার ৫৯৭ জন। একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে বড় ব্যবধানে জয় পাওয়া সহজ ছিল না।
জয়ের পর ৮১ বছর বয়সী হাফিজ উদ্দিন বলেন, এই বিজয় তার একার নয়, এলাকার মানুষের। তিনি উন্নয়ন ও মানুষের অধিকার রক্ষায় কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।



