ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ‘রাষ্ট্র সংস্কার সংক্রান্ত সাংবিধানিক গণভোট’ আজ বৃহস্পতিবার একযোগে অনুষ্ঠিত হয়েছে। আগামীর বাংলাদেশ কেমন হবে, তার সিদ্ধান্ত নিয়েছেন দেশের জনগণ ব্যালটের মাধ্যমে। সকাল সাড়ে সাতটা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলছে। এখন চলছে ভোট গণনা। জুলাই অভ্যুত্থানের পর যে নির্বাচনের অপেক্ষায় ছিল দেশ, সেই ভোটে অংশ নিচ্ছেন নানা শ্রেণি-পেশার মানুষ, পিছিয়ে নেই ক্রীড়াঙ্গনের তারকারাও।
চট্টগ্রাম-৯ আসনে ভোট দিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ঢাকা-৯ আসনে দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন সাবেক অধিনায়ক ও জাতীয় দলের বর্তমান ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। জনপ্রিয় কণ্ঠশিল্পী, বিসিবি পরিচালক ও সাবেক ক্রিকেটার আসিফ আকবর কুমিল্লায় ভোট দিয়েছেন। নিজ এলাকায় প্রথমবার ভোট দিয়েছেন নারী দলের পেসার মারুফা আক্তার, সঙ্গে ছিলেন তার পরিবারের সদস্যরাও।
যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলি রংপুরে নিজের এলাকায় প্রথমবার ভোটাধিকার প্রয়োগ করেছেন। জাতীয় দলের ক্রিকেটার নুরুল হাসান সোহান দৌলতপুরে ভোট দিয়েছেন, তিনিও প্রথমবার ভোট দেওয়ার কথা জানিয়েছেন। নারী দলের ক্রিকেটার রুমানা আহমেদও প্রথমবার ভোট দিয়েছেন বলে জানিয়েছেন।
জাতীয় দলের তারকা ফুটবলার শেখ মোরসালিন ভোট দিতে নিজ জেলা ফরিদপুরে যান। ফরিদপুর-৪ আসনের আদর্শ মাধ্যমিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে তিনি বলেন, ‘বেশ উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছি। তেমন সময় লাগেনি ভোট দিতে।’ যুব হকি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা আমিরুল ইসলামও ফরিদপুর-৩ আসনে প্রথমবার ভোট দিয়েছেন। এশিয়ান গেমস বাছাইয়ের প্রস্তুতির জন্য জাতীয় হকি দলের ক্যাম্প চললেও খেলোয়াড় ও কোচদের ভোট দেওয়ার সুযোগ দিতে ফেডারেশন ক্যাম্পে ছুটি দিয়েছে।
তবে সবাই ভোট দিতে পারেননি। নারী ফুটবল লিগের শেষ রাউন্ডের ম্যাচ সামনে থাকায় ঋতুপর্ণাদের রাজশাহী দল ক্যাম্পে অবস্থান করছে। ফলে দলের অধিকাংশ খেলোয়াড় ভোট দিতে পারেননি। জাতীয় দল ও লিগের বাইরে থাকায় সাবিনা খাতুন ও মাসুরা পারভিনসহ কয়েকজন ফুটবলার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন।
এবারের নির্বাচনে ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নিয়েছে। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপি ও জামায়াতের মধ্যে।










Discussion about this post