আইসিসির সঙ্গে সাম্প্রতিক টানাপোড়েনের সময় বাংলাদেশকে ঘিরে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। তার দাবি, পুরো প্রক্রিয়ায় পাকিস্তানের একমাত্র লক্ষ্য ছিল আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ন্যায্য সম্মান ও মর্যাদা নিশ্চিত করা। ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের ঘোষণাও সেই উদ্দেশ্য থেকেই দেওয়া হয়েছিল।
গত ১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকার ঘোষণা দেয়, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে নামবে না তাদের দল। এই ঘোষণায় আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়। তবে কয়েক দিন ধরে পিসিবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মধ্যে আলোচনা ও সমঝোতার পর সোমবার রাতে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে পাকিস্তান সরকার।
পরবর্তীতে আইসিসি এক বিবৃতিতে জানায়, ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। পাশাপাশি ২০২৮ থেকে ২০৩১ সালের মধ্যে একটি আইসিসি ইভেন্ট আয়োজনের স্বত্ব দেওয়া হয়েছে বাংলাদেশকে। এই ঘোষণার পরই ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত থেকে সরে আসে পাকিস্তান।
পেশোয়ারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাকভি বলেন, ‘বাংলাদেশ ছাড়া আমরা আলোচনায় আর কোনো শর্ত দিইনি। আমাদের একমাত্র লক্ষ্য ছিল বাংলাদেশকে সম্মান এনে দেওয়া এবং তাদের সঙ্গে হওয়া অন্যায়ের প্রতিকার করা।’ তার বক্তব্যে উঠে আসে, পাকিস্তানের পক্ষ থেকে এই ইস্যুতে অন্য কোনো দাবি উত্থাপন করা হয়নি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তেরও সমালোচনা করেন নাকভি। নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে বাংলাদেশ সরকার দলকে ভারতে পাঠাতে অস্বীকৃতি জানালে আইসিসি বোর্ডের ভোটে স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হয়। এই পদক্ষেপকে বাংলাদেশের প্রতি অবিচার হিসেবে উল্লেখ করেন পিসিবি চেয়ারম্যান।
তিনি আরও বলেন, ‘আপনারা দেখেছেন, বাংলাদেশ যা চেয়েছিল সবই মেনে নেওয়া হয়েছে। আমাদের কোনো ব্যক্তিগত স্বার্থ ছিল না। তারা যা খুশি বলতে পারে, কিন্তু বাস্তবে আমাদের কাজ ছিল শুধু বাংলাদেশের জন্যই। পাকিস্তান সরকারও সেই কারণেই সিদ্ধান্ত নিয়েছিল। যখন তাদের দাবিগুলো মেনে নেওয়া হলো এবং স্বীকার করা হলো যে তাদের সঙ্গে অন্যায় হয়েছে, তখনই আমরা ভারতের বিপক্ষে খেলতে রাজি হয়েছি।’










Discussion about this post