বাংলাদেশকে বাদ দিয়েই শুরু হতে যাচ্ছে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকায় বাংলাদেশ দলকে টুর্নামেন্ট থেকে বাদ দেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। আইসিসির এই সিদ্ধান্তের সরাসরি প্রভাব পড়েছে বিশ্বকাপের অন্যতম প্রধান ভেন্যু কলকাতার ইডেন গার্ডেনসে, যেখানে টিকিট বিক্রিতে দেখা দিয়েছে চরম ধস।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘সি’ গ্রুপে ছিল বাংলাদেশ। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গে থাকার কথা ছিল ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালির। সূচি অনুযায়ী গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচের মধ্যে তিনটিই হওয়ার কথা ছিল ঐতিহাসিক ইডেন গার্ডেনসে। বাংলাদেশ দলের ম্যাচ মানেই বাড়তি দর্শক আগ্রহ, স্টেডিয়ামমুখী মানুষের ঢল এবং টিকিটের অতিরিক্ত চাহিদা। কিন্তু বাংলাদেশকে বাদ দেওয়ার পর এবার পুরোপুরি উল্টো চিত্র দেখা যাচ্ছে কলকাতায়।
বাংলাদেশের জায়গায় ‘সি’ গ্রুপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে আইসিসি। সেই সিদ্ধান্তের পর থেকেই ইডেন গার্ডেনসে দর্শকসংকটের আশঙ্কা তৈরি হয়েছিল। বিশ্বকাপ শুরুর আগেই সেই আশঙ্কা বাস্তবে রূপ নিতে শুরু করেছে। টুর্নামেন্ট শুরুর আগে হাতে আছে মাত্র এক দিন, অথচ ইডেন গার্ডেনসের ম্যাচগুলো ঘিরে টিকিট বিক্রি আশানুরূপ নয়।
কলকাতার একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অফলাইন টিকিট কাউন্টারগুলোতে ক্রেতার উপস্থিতি চোখে পড়ার মতো নয়। অনেক সময় লাইনে একসঙ্গে চার-পাঁচজনের বেশি মানুষ দেখা যাচ্ছে না। মোহামেডান স্পোর্টিং ক্লাবের সামনে স্থাপন করা কাউন্টারগুলোতেও একই চিত্র লক্ষ্য করা গেছে।
প্রায় ৬৫ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন ইডেন গার্ডেনসে এখন পর্যন্ত বিক্রি হয়েছে মাত্র ২০ হাজারের কিছু বেশি টিকিট। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বিভিন্ন ম্যাচের টিকিট বিক্রির সংখ্যাও হতাশাজনক। ইংল্যান্ড ও ইতালির ম্যাচে সর্বোচ্চ ৪ হাজার ৯৭০টি টিকিট বিক্রি হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ডের ম্যাচে টিকিট বিক্রি হয়েছে ২ হাজার ৯১৭টি। ইংল্যান্ড-স্কটল্যান্ড ম্যাচে দর্শকসংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৭৫ জনে। ওয়েস্ট ইন্ডিজ ও ইতালির ম্যাচে বিক্রি হয়েছে ১ হাজার ২৪৮টি টিকিট। সবচেয়ে কম আগ্রহ দেখা গেছে স্কটল্যান্ড ও ইতালির ম্যাচে, যেখানে মাত্র ৩৪৮টি টিকিট বিক্রি করতে পেরেছে কর্তৃপক্ষ।









Discussion about this post