মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাঁচা–মরার ম্যাচে রংপুর রাইডার্সের কাছে ১১ রানে হেরে বিপিএল থেকে বিদায় নিয়েছে ঢাকা ক্যাপিটালস। মোহাম্মদ সাইফউদ্দিন শেষ পর্যন্ত অপরাজিত থেকে ফিফটি করলেও তা কোনো কাজে আসেনি ঢাকার। এই জয়ের মাধ্যমে রংপুর রাইডার্স শেষ দল হিসেবে প্লে–অফ নিশ্চিত করেছে।
আগের আট ম্যাচে মাত্র দুটি জয় পাওয়া ঢাকার সামনে সমীকরণ ছিল কঠিন। প্লে-অফে টিকে থাকতে শেষ দুটি ম্যাচই জিততে হতো। কিন্তু নবম ম্যাচেই রংপুরের কাছে হেরে সব সম্ভাবনার ইতি টানে মোহাম্মদ মিঠুনের দল। বিপরীতে এই জয়ে ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শেষ চারে জায়গা করে নেয় লিটন দাসের নেতৃত্বাধীন রংপুর। এর আগে প্লে–অফ নিশ্চিত করেছিল রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটানস। লিগ পর্ব থেকে সবার আগে বিদায় নেয় নোয়াখালী এক্সপ্রেস, দ্বিতীয় দল হিসেবে টুর্নামেন্ট শেষ হলো ঢাকা ক্যাপিটালসের।
টস জিতে ব্যাট করতে নেমে রংপুরকে বড় সংগ্রহ এনে দেন ডেভিড ম্যালান ও তাওহীদ হৃদয়। উদ্বোধনী জুটিতে মাত্র ১৪.১ ওভারেই তারা যোগ করেন ১২৬ রান। ম্যালান ৪৯ বলে ৮ চার ও ৫ ছক্কায় করেন ৭৮ রান, হৃদয় ৪৬ বলে ৫ চার ও ৪ ছক্কায় করেন ৬২। কাইল মায়ার্সের ২৪ রানের ক্যামিওতে ভর করে ২০ ওভারে ৪ উইকেটে ১৮১ রান তোলে রংপুর।
ঢাকার হয়ে মোহাম্মদ সাইফউদ্দিন ৪ ওভারে ৩৩ রান দিয়ে নেন ২ উইকেট, তাসকিন আহমেদ ও মারুফ মৃধা নেন একটি করে।
১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল ঢাকা। ৬.১ ওভারে তাদের সংগ্রহ ছিল ৫৩ রান। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় চাপ বাড়তে থাকে। উসমান খান ১৮ বলে ৩১ রান করে দ্রুত শুরু দিলেও বেশিক্ষণ টিকতে পারেননি।
অধিনায়ক মিঠুন ২৯ বলে ২৫ রান করে আউট হন, যা শেষ পর্যন্ত ঢাকার আক্ষেপ হয়েই থাকে। ইমাদ ওয়াসিম ১৪ বলে ২০ রান করেন। ৯৯ রানে ষষ্ঠ উইকেট পড়ার পর সাইফউদ্দিন ও ইমাদের ৪৮ রানের জুটি কিছুটা আশা জাগালেও তা যথেষ্ট ছিল না।
শেষদিকে সাইফউদ্দিন একাই লড়াই চালান। ৩০ বলে ৩ চার ও ৫ ছক্কায় তিনি করেন অপরাজিত ৫৮ রান। ম্যাচের শেষ ওভারে রাকিবুলের বলে টানা তিনটি ছক্কা মারলেও জয়ের কাছে পৌঁছাতে পারেনি ঢাকা। ২০ ওভারে ৭ উইকেটে তাদের ইনিংস থামে ১৭০ রানে।
রংপুরের হয়ে দুর্দান্ত বোলিং করেন নাহিদ রানা। চার ওভারে মাত্র ১১ রান দিয়ে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন এই গতি তারকা। ফাহিম আশরাফ দুটি উইকেট পেলেও রান দেন ৪৩। শেষ পর্যন্ত ১১ রানের জয়ে প্লে–অফ নিশ্চিত করে রংপুর রাইডার্স, আর লিগ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয় ঢাকা ক্যাপিটালসের। ম্যাচসেরা হন রংপুরের জয়ের নায়ক ডেভিড ম্যালান।










Discussion about this post