করাচির ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রথম শ্রেণির ক্রিকেটে এমন এক ম্যাচ দেখা গেল, যা কল্পনার সীমাকেও ছাড়িয়ে গেছে। প্রেসিডেন্টস ট্রফি গ্রেড–১ প্রতিযোগিতিতে মাত্র ৪০ রানের লক্ষ্য দিয়েও সুই নর্দার্ন গ্যাস পাইপলাইন্স লিমিটেডকে হারিয়ে বিশ্বরেকর্ড গড়েছে পাকিস্তান টেলিভিশন (পিটিভি)। ২৫৩ বছরের প্রথম শ্রেণির ক্রিকেট ইতিহাসে এত কম রানের লক্ষ্য নিয়ে আগে কখনো জয় আসেনি।
ম্যাচের প্রথম দুই ইনিংসে তেমন অস্বাভাবিক কিছু ছিল না। পিটিভি প্রথম ইনিংসে ১৬৬ রানে অলআউট হলে এসএনজিপিএল সাইফুল্লাহ বাঙ্গাসের ফিফটিতে ভর করে ২৩৮ রান তোলে এবং ৭২ রানের লিড নেয়। শান মাসুদের নেতৃত্বাধীন দল তখন স্পষ্টভাবেই এগিয়ে ছিল। তবে করাচির উইকেট দ্রুত বদলাতে শুরু করলে দ্বিতীয় ইনিংসে বিপর্যয়ে পড়ে পিটিভি। তৃতীয় দিনের সকালে মাত্র ১২ রান যোগ করেই তারা ১১১ রানে গুটিয়ে যায়। এতে এসএনজিপিএলের সামনে জয়ের জন্য দরকার হয় স্রেফ ৪০ রান।
সহজ মনে হওয়া সেই লক্ষ্যই পরিণত হয় দুঃস্বপ্নে। বাঁহাতি স্পিনার আলী উসমান ও পেসার আমাদ বাটের আগুনঝরা বোলিংয়ে একের পর এক ব্যাটার ফিরে যেতে থাকেন। উসমান ৯.৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে তুলে নেন ৬টি উইকেট। আমাদ বাট ১০ ওভারে ২৮ রান দিয়ে শিকার করেন বাকি ৪ উইকেট। এই দুই বোলারের বাইরে আর কাউকে বোলিং করানোর প্রয়োজনই পড়েনি পিটিভির।
চতুর্থ ইনিংসে এসএনজিপিএলের ব্যাটিং ধস নামে অবিশ্বাস্য গতিতে। উইকেটকিপার সাইফুল্লাহ বাঙ্গাস ১৪ রান করে কিছুটা লড়াই দেখালেও অন্য কেউ দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি। শেষ পর্যন্ত ১৯.৪ ওভারেই ৩৭ রানে অলআউট হয়ে যায় তারা। তাতে মাত্র ২ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে পিটিভি।
এই জয়ে ভেঙে গেছে ১৭৯৪ সালের একটি ঐতিহাসিক রেকর্ড। লর্ডসের পুরোনো মাঠে সে বছর ওল্ডফিল্ড ৪১ রানের লক্ষ্য দিয়েও এমসিসিকে হারিয়েছিল। ২৩২ বছর ধরে সেটিই ছিল প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বনিম্ন লক্ষ্য নিয়ে জয়ের নজির। করাচিতে পিটিভি সেই রেকর্ড ভেঙে ইতিহাসের নতুন পাতায় নিজেদের নাম তুলে ধরল।










Discussion about this post