আইপিএল মিনি নিলামের পর যেই প্রশ্নটি ঘুরপাক খাচ্ছিল, সেটিরই আনুষ্ঠানিক জবাব দিল কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে আসন্ন আইপিএল থেকে বাদ দেওয়া হচ্ছে কি না-এই জল্পনার অবসান ঘটিয়ে ফ্র্যাঞ্চাইজিটি নিশ্চিত করেছে, বিসিসিআইয়ের নির্দেশেই তাকে স্কোয়াড থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
কলকাতা নাইট রাইডার্স এক বিবৃতিতে জানায়, ‘কলকাতা নাইট রাইডার্স নিশ্চিত করছে যে, আইপিএলের নিয়ন্ত্রক সংস্থা আসন্ন আইপিএল আসরের আগে মুস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। ভারতীয় বোর্ডের নির্দেশে যথাযথ প্রক্রিয়া ও পরামর্শ মেনে এই কাজটি করা হয়েছে। আইপিএলের নিয়ম অনুযায়ী বিসিসিআই কলকাতাকে একজন বদলি খেলোয়াড় নেওয়ার অনুমতি দিবে।’
এই ঘোষণার মধ্য দিয়ে স্পষ্ট হয়ে যায়, মুস্তাফিজুর রহমানকে এবারের আইপিএলে খেলতে দেওয়া হচ্ছে না এবং তাকে পুরোপুরি স্কোয়াড থেকেই বাদ দেওয়া হয়েছে। কলকাতার পক্ষ থেকে জানানো হয়, বিসিসিআইয়ের নির্দেশনা অনুযায়ী সব নিয়ম ও আনুষ্ঠানিকতা মেনেই সিদ্ধান্তটি কার্যকর করা হয়েছে।
এর আগে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়েছিল, মুস্তাফিজকে দলে না রাখার জন্য কলকাতাকে চাপ দিয়েছে বিসিসিআই। পরে বিষয়টি নিশ্চিত করেন বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া বক্তব্যে তিনি জানান, সাম্প্রতিক কিছু ঘটনার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর সহিংসতার খবর সামনে আসার পর পরিস্থিতি বিবেচনায় কেকেআরকে মুস্তাফিজকে ছেড়ে দিতে বলা হয়েছে বলে জানান তিনি।
সাইকিয়া বলেন, ‘সাম্প্রতিক যেসব ঘটনা ঘটছে, তার প্রেক্ষিতে বিসিসিআই কেকেআরকে তাদের স্কোয়াড থেকে বাংলাদেশের খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে বলেছে।’ একই সঙ্গে তিনি জানান, আইপিএলের নিয়ম অনুযায়ী মুস্তাফিজের বদলে অন্য খেলোয়াড় নেওয়ার অনুমতি দেওয়া হবে কলকাতাকে।
আবুধাবিতে অনুষ্ঠিত মিনি নিলামে মুস্তাফিজুর রহমানকে দলে নিতে চেন্নাই সুপার কিংসের সঙ্গে তীব্র লড়াইয়ে জড়ায় কলকাতা নাইট রাইডার্স। শেষ পর্যন্ত ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নেয় শাহরুখ খানের দল। তবে নিলামের পরপরই সামাজিক ও রাজনৈতিক মহলে শুরু হয় সমালোচনা। বিজেপি ও শিব সেনার একাধিক নেতা জাতীয় অনুভূতি উপেক্ষার অভিযোগ তোলেন কলকাতার বিরুদ্ধে।
এই প্রেক্ষাপটেই দ্বিতীয়বার নিজেদের অবস্থান পরিষ্কার করে কলকাতা নাইট রাইডার্স জানায়, ‘বিসিসিআই কর্তৃপক্ষ আগামী আইপিএল মৌসুমের আগে মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছেড়ে দেয়ার নির্দেশ দিয়েছে। বিসিসিআইয়ের নির্দেশনার আলোকে যথাযথ প্রক্রিয়া ও পরামর্শের মাধ্যমে এটা কার্যকর করা হয়েছে।’
মুস্তাফিজকে দলে নেওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে অনাপত্তিপত্র দিয়েছিল। ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে না খেলেই পুরো আইপিএলে অংশ নেওয়ার সুযোগ ছিল তার। কিন্তু বিসিসিআইয়ের সিদ্ধান্তে সেই পরিকল্পনা বাস্তবায়ন হলো না।
আইপিএলে মুস্তাফিজুর রহমানের অভিজ্ঞতা যথেষ্ট। এখন পর্যন্ত ৬০ ম্যাচে ৬৫টি উইকেট নেওয়ার পাশাপাশি একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন তিনি। সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার অভিজ্ঞতা থাকলেও আসন্ন মৌসুমে তাকে আর মাঠে নামতে দেখা যাবে না।










Discussion about this post